বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ক্ষতিপূরণ হিসেবে ১৮টি পরিবারের মাঝে ৪৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার। চেকগুলো মঞ্জুর করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বরগুনা কার্যালয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম, বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) সৌরভ কুমার সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় অনেক পরিবার হঠাৎ করেই তাদের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে চরম সংকটে পড়ে। সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা তাদের প্রাথমিক কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো আন্তরিকভাবে কাজ করবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে আইন মেনে চলতে হবে। চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতার মাধ্যমেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।
প্রতিনিধি/টিবি

