Dhaka Mail Logo

জাতীয়

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ, আশঙ্কাজনক ১

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম

গাজীপুরের চৌরাস্তা এলাকার নাওজোর বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে ৫৫ শতাংশ দগ্ধ ১৯ বছর বয়সী আহাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে রাতেই হাসপাতালে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- আহাদ (১৯), আবদুল্লাহ (১৮), আশরাফুল (২৬) ও নাঈম (২৫)।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আহাদের শরীরের ৫৫ শতাংশ, আবদুল্লাহর ২০ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ এবং নাঈমের ৪ শতাংশ দগ্ধ হয়েছে। আহাদ, আবদুল্লাহ ও আশরাফুলকে হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়েছে। নাঈমকে জরুরি বিভাগে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাজীপুরের নাওজোর বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে রাতে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে শারীরিক অবস্থা বিবেচনায় ভর্তি করা হয়েছে এবং একজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, ৫৫ শতাংশ দগ্ধ আহাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তবে প্রত্যেক রোগীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমএমআর/এসআই