জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে আটক করা হয়নি। তবে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
বুধবার (৪ নভেম্বর) রাতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
পুলিশ বলছে, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে তথ্য পেয়ে ডিবি পুলিশ ডিবিসি কার্যালয়ে গিয়ে তাকে হেফাজতে নেয়। তার সঙ্গে ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকেও আনা হয়েছে। বর্তমানে ডিবি কার্যালয়ে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে।
এদিন দুপুরে তাদের মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়।
ডিসি আকতার হোসেন বলেন, বর্তমানে তাদের সঙ্গে ডিবি পুলিশ কথা বলছে। তাদের নিরাপদে হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও বলেন, তবে এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে, গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। এরপর কিছুদিন গা ঢাকা দেন।
পরে ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাকে জাতীয় প্রেসক্লাবে দেখা যায়। এরপর থেকে তিনি জনসম্মুখে আসতেন না।
এমআইকে/এএম