সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। একই সময় চ্যানেলটির বিশেষ প্রতিবেদক রাজীব ঘোষকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি পরিস্থিতির উদ্ভব হওয়ায় ইকবাল সোবহান চৌধুরী ও আরেকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে।
এর আগে গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ফিরিয়ে দেওয়া হয়। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে সেদিন তার জেদ্দা যাওয়ার কথা ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি ইকবাল সোবহান চৌধুরীকে। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেসক্লাবে গিয়েছিলেন তিনি। সেখানে আওয়ামীপন্থী কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে জামায়াত নেতাদের এক টেবিলে বসার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা তৈরি হয়।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
জেবি




