নিজস্ব প্রতিবেদক
০২ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
নানা অভিযোগে রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উপ-ব্যবস্থাপক (এডমিন অ্যান্ড এইচআর) মো. শামীম আহমেদকে বদলি করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১ নভেম্বর ইডিসিএলের ব্যবস্থাপক মোহাম্মদ আহছান উল্লাহ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ‘ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদনক্রমে শামীম আহম্মেদ, উপ-ব্যবস্থাপক, এডমিন অ্যান্ড এইচআরএম, কোড নং-৬৯১২, এডমিন অ্যান্ড এইচআরএম বিভাগ, ইডিসিএল, ঢাকাকে একই বেতনক্রম ও মূল বেতনে বর্তমান কর্মস্থল ইডিসিএল, ঢাকা হতে ইডিসিএল, বগুড়া কারখানায় প্রশাসন বিভাগে উপ-ব্যবস্থাপক, প্রশাসন হিসেবে বদলি করা হলো।’
এতে আরও বলা হয়, শামীম আহমেদকে আগামী ৩ নভেম্বর (মঙ্গলবার) বদলিকৃত স্থানে কাজে যোগদানের নির্দেশ দেওয়া গেল। এই বদলির জন্য কোম্পানির নিয়মানুযায়ী তিনি ভাতাদি পাবেন।
এদিকে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে স্বজনপ্রীতি, বদলি ও পদায়ন বাণিজ্য, দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং কর্মকর্তা-কর্মচারীর ওপর চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে শামীম আহমেদের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, নানা অভিযোগ উঠায় শামীম আহমেদকে বদলি করা হয়েছে। শুধু বদলি নয়, তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এর আগে ২০১৩ সালে নানা অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে শামীম আহমেদকে বরখাস্ত করেছিল ইডিসিএল কর্তৃপক্ষ।
এসএইচ/এফএ