Dhaka Mail Logo

জাতীয়

সাবেক এসবি প্রধান মনিরুলের বিরুদ্ধে ১১ শ’ কোটি টাকার জালিয়াতি মামলা

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে ১১০০ কোটি টাকার মানিলন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসবি প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় অবৈধ সম্পদের তথ্য গোপন করতে শ্যালকের হিসাবে এসব সম্পদ জমা করেন তিনি। এ ঘটনায় মনিরুল ইসলাম ও তার স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং শ্যালকসহ চারজনকে আসামি করে দুটি মামলা দায়ের করেছে দুদক।

‎সোমবার (২৬ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মোজাম্মিল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলজুড়ে প্রভাবশালী সাবেক অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করেছেন মনিরুল ইসলাম। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালানো এই কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে দুদক তার নামে তেমন কোনো সম্পদ খুঁজে পায়নি। তবে, অনুসন্ধানের এক পর্যায়ে তার শ্যালক রেজাউল করিম শাহীনের খোঁজ পায়। ব্যাংক হিসাবে ১০ হাজার ৪৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের তথ্য পায়। এ ছাড়া ২৩ কোটি টাকার অবৈধ সম্পদ মিললেও কোনো আয়ের উৎস দেখাতে পারেনি শাহীন।

দুদকের এই কর্মকর্তা জানান, মনিরুল ও তার স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা তাদের সম্পদ গোপন করতে রেজাউল করিম শাহীনের কাছে হস্তান্তর করেন। সিপাহী পিতা শাহীনকে ২৫ কোটি টাকা দান করেছেন, যার কোনো গ্রহণযোগ্য প্রমাণ মেলেনি। একইভাবে মনিরুলের শ্যালক শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পার হিসাবেও দুদক খুঁজে পেয়েছে ৫৮ কোটি টাকার বেশি মানিলন্ডারিংয়ের তথ্য। এ ছাড়া অবৈধ সম্পদ পেয়েছে ১৫ কোটি টাকার বেশি।

এ ছাড়াও, সাবেক এসবি প্রধান মনিরুলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দুটি এনজিওতে অর্থ পাচার এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থ আত্মসাতের অভিযোগে আরও দুটি অনুসন্ধান দুদকে চলমান রয়েছে বলে জানিয়েছে দুদক।
‎
‎একেএস/এফএ