বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়ার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন। হত্যাচেষ্টা মামলায় তাঁকে এ আদেশ দেন আদালত। একই সঙ্গে মানি লন্ডারিংয়ের মামলায় এক দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পুলিশের আবেদনে বলা হয়, মামলার ঘটনার রহস্য উদ্ঘাটন, হামলায় জড়িত অন্য আসামিদের পরিচয় শনাক্ত এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য দিলীপ আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
এদিন বিকেল সাড়ে তিনটার দিকে হত্যাচেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির জন্য দিলীপকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষের আইনজীবী আনোয়ার কবীর বাবুলসহ কয়েকজন রিমান্ডের বিরোধিতা করে তা বাতিল এবং জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন ও হারুন অর রশিদসহ কয়েকজন রিমান্ডের পক্ষে যুক্তি দেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
উত্তরা পশ্চিম থানায় ২০২৫ সালের ২৭ মার্চ করা এ মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৯, ৩২৬, ১০৯ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সোনা ও হীরা কেনার উৎস এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে গুলশান থানায় করা মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দিলীপ কুমার আগরওয়ালা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।
এমএইচএইচ/এআর




