২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম
গাজীপুরের জয়দেবপুরে একটি বাসায় আগুনের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন— মহসিন প্রধান (৩০), তার স্ত্রী সেলিনা আক্তার (২৫) এবং তাদের দুই ছেলে সোহাদ (৪) ও সায়ান (৫)।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনা ঘটে। আগুনটি দুর্বৃত্তরা লাগিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দগ্ধ চারজনকে প্রথমে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ভোরে পরিবারের সদস্যরা বাসার সোফায় আগুন দেখতে পান। পরে আগুন কাঠের তৈরি সিলিংয়ে ছড়িয়ে পড়ে। এ সময় বারান্দায় রাখা দুটি মোটরসাইকেলেও আগুন লাগে। একপর্যায়ে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় একই পরিবারের চারজনকে হাসপাতালে আনা হয়েছে।
তিনি আরও জানান, সেলিনা আক্তারের শরীরের ৪০ শতাংশ, সায়ানের ১২ শতাংশ, সোহাদের ২ শতাংশ এবং মহসিন প্রধানের ১ শতাংশ পুড়ে গেছে।
চিকিৎসক আরও জানান, দগ্ধ চারজনের মধ্যে সেলিনা আক্তার ও বড় ছেলে সায়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মহসিন প্রধান ও ছোট ছেলে সোহাদকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে বাসায় আগুন লাগার প্রকৃত কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এমএমআর/এফএ