গাজীপুরের শ্রীপুরে আগুনে একটি মসজিদ, ঝুট ও তুলার গুদামসহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে স্যানিটারি দোকান, মুরগির দোকান ও ভাঙারির দোকানও রয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। পরে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজে যোগ দেয়।

তিনি জানান, চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঝুট ও তুলার গুদাম, একটি স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, একটি ভাঙারির দোকান ও একটি মসজিদ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
প্রতিনিধি/এসএস




