Dhaka Mail Logo

জাতীয়

শাহজালালে লাগেজের গতিবিধি সরাসরি দেখতে পাবেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর ফলে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের কার্যক্রম সরাসরি দেখতে পারবেন যাত্রীরা।

শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেবিচক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় এসব সিসিটিভি ক্যামেরা ও মনিটর স্থাপন করা হয়েছে। নতুন ব্যবস্থায় উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ার দৃশ্য মনিটরে সরাসরি দেখানো হবে।

আরও পড়ুন

লাগেজ দেরিতে আসায় দায় কার, বিমানবন্দরে এত ট্রলি যায় কোথায়

বিমানের কাছে বেবিচকের পাওনা ৫৮৪২ কোটি টাকা, লাভের হিসাব নিয়ে প্রশ্ন

এ উদ্যোগের ফলে যাত্রীরা তাদের লাগেজের গতিবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। একই সঙ্গে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করছে বেবিচক।

বেবিচক জানিয়েছে, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীরা যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে তাদের লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবা সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংস্থাটির মতে, এ উদ্যোগ দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন এবং লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি