Dhaka Mail Logo

জাতীয়

ঢাকেশ্বরী মন্দিরে ডকুমেন্টস চাওয়ায় পুলিশের সঙ্গে বিদেশি নাগরিকের তর্ক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক বিদেশি নাগরিকের কাছে ডকুমেন্ট চাওয়ায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তর্কে লিপ্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই বিদেশি নাগরিকের নাম ও পরিচয় জানতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি ঘানার নাগরিক।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে মন্দির প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, কালো বর্ণের গায়েঁর রঙ ও মাথায় বড়বড় চুলের ওই বিদেশি পূজা প্রাঙ্গণে ঘোরাফেরা করছিল। ওই সময় মন্দির পরিদর্শনে যান ঢাকা মহানগর পুলিশের কমিশনার। নিরাপত্তার জন্য সেই বিদেশি নাগরিককে ডেকে লালবাগ থানার ওসি জামিল আহমেদ তার কাছে বাংলাদেশে অবস্থানের ডকুমেন্টস দেখতে চান।

এ সময় সেই বিদেশি নাগরিক ক্ষেপে যান এবং তর্কে লিপ্ত হন। ইংরেজিতে চলে তাদের মধ্যে এই তর্ক। পাশেই ছিলেন ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোস্তাক সরকার। তিনিও তাকে কাগজপত্র দেখাতে বলেন কিন্তু বিদেশি নাগরিক তা দেখাননি। উল্টো তর্কে জড়িয়ে পড়েন।

লালবাগ থানার ওসি জামিল আহমেদ ঢাকা মেইলকে বলেন, ‘তিনি নিজেকে আমেরিকার নাগরিক বলে পরিচয় দিলেও আসলে তাকে দেখে মনে হয়েছে তিনি ঘানার নাগরিক।

‘তার চেহারা ও গায়ের গড়ন দেখে তা বোঝা যাচ্ছিলো। পরে আমরা তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। ’

তিনি আরও বলেন, ‘ওই বিদেশি নাগরিক তার নাম বলেননি। তবে তিনি গত রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিলেন বলে জানা গেছে। কারণ তার সঙ্গে একজন চালক এসেছিল। তার কাছে ডকুমেন্টস চাওয়ায় তর্ক করছিলেন। আসলে তার কাছে বৈধ ডকুমেন্টস ছিল না আর তাকে পাগলাটে মনে হয়েছে।’

ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মোস্তাক সরকার ঢাকা মেইলকে বলেন, ‘বিদেশি নাগরিক সেখানে ঘুরছিল। পরে ওসিকে বললাম তার ডকুমেন্টস দেখো। তিনি তার ডকুমেন্টস দেখতে চাইলে লোকটি তর্কে জড়ায়। তবে তার নাম জানা যায়নি। আমরা তার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।’

এমআইকে/এএম