রাজধানীর গুলশান-২ এলাকায় ‘সেভেনটি এইট রেস্টহাউজ সোসাইটি’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২৪ নম্বর বাসায় থাকা প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় ডিএনসি।
এই অভিযানে প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আতাউর রহমান শামীম (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট মো. ওমর জামিল (৪৫) নামে আরেক ব্যক্তির সম্পৃক্ততার পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তবে জামিল পলাতক থাকায় তার নাম মামলায় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডিএনসি সূত্র জানিয়েছে, সেভেনটি এইট রেস্টহাউজ সোসাইটি নামের প্রতিষ্ঠানটিতে কোনো বার লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ মজুত এবং পাইকারি ও খুচরা বিক্রি করা হচ্ছিল। এ তথ্যের সত্যতা যাচাইয়ের পর বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালায় ডিএনসির একটি দল। প্রতিষ্ঠানটি ‘জার্মান ক্লাব’ নামে পরিচিত হলেও প্রকৃতপক্ষে এটি সেভেনটি এইট রেস্টহাউজ সোসাইটি। ‘জার্মান ক্লাব’ নামে সেখানে কোনো প্রকৃত বা বৈধ প্রতিষ্ঠানের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি।
অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। জব্দ করা বিদেশি মদের পরিমাণ ২২৩ বোতলে মোট ১৭৭ লিটার। এ ছাড়া ২০৯টি বোতল ও ক্যান থেকে মোট ৬৭ লিটার বিয়ার জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা মদ ও বিয়ারের পরিমাণ ২৪৪ লিটার। জব্দ করা আলামত ও রাসায়নিক পরীক্ষার নমুনা ডিএনসির হেফাজতে নেওয়া হয়েছে।
ডিএনসি আরও জানিয়েছে, জব্দকৃত মদ ও বিয়ারের বৈধতা সম্পর্কে জানতে চাইলে প্রয়োজনীয় কাগজপত্র বা বৈধতার প্রমাণ তারা দেখাতে পারেননি। প্রতিষ্ঠানটিতে টিকিট বিক্রির মাধ্যমে ডিজে পার্টির আয়োজন করা হতো। এসব পার্টিতে অংশগ্রহণকারীদের কাছে অবৈধভাবে বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করা হতো। এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিষয়ে অনুসন্ধান চলছে।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ডিএনসির প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং ঢাকা মেট্রো উত্তর ও দক্ষিণ কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এমআইকে/এফএ




