কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান
বিজিবি পরিচালক বলেন, পুলিশ সদস্যকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়েছে। খুব শিগগিরই ওই দুই পুলিশ সদস্যকে ফেরত আনার প্রস্তুতি চলছে। তারা সুস্থ আছেন এবং তাদের কোনো ধরনের সমস্যা হয়নি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে বিষয়টি অনাকাঙ্ক্ষিত। সংশ্লিষ্ট সীমান্ত এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য, দুর্গম ভূপ্রকৃতি ও জঙ্গলপূর্ণ পরিবেশের কারণে পরিস্থিতিটি তৈরি হয়েছে।
সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিজিবির এই কর্মকর্তা বলেন, এ মুহূর্তে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করতে চান না। তবে দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তে সব ধরনের হুমকি ও পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতিতে অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর সমাধানে পৌঁছানোর বিষয়ে তারা আশাবাদী। দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবি তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি এবং সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বাত্মক প্রস্তুতি বজায় রেখেছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এমআইকে/এসআই




