০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৩ এএম
রাজধানীর রমনায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে সানোয়ার হোসেন (৫০) নামে এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে মিন্টো রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সানোয়ার হোসেনের পকেটে থাকা টাকা ও ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মালঞ্চ গ্রামে। তবে তিনি ঢাকায় কোথায় বসবাস করতেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
দুর্ঘটনার পর আহত চালককে নিজের সিএনজিতে করে হাসপাতালে নিয়ে যান তৌহিদ মিয়া নামে আরেক সিএনজিচালক।
তৌহিদ মিয়া জানান, তিনি নিজেও একজন সিএনজিচালক। দুর্ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে লোকজনের ভিড় দেখে তিনি এগিয়ে যান। সেখানে গিয়ে তাঁর মতোই একজন সিএনজিচালককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, উপস্থিত লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন, সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেলে চালক মাথায় আঘাত পান। এ সময় আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিচ্ছিলেন না। একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে থামলেও অভিভাবক বা স্বজন না থাকায় আহত ব্যক্তিকে নিতে চায়নি বলে তিনি জানতে পারেন।
পরে তৌহিদ মিয়া নিজেই আহত চালককে তাঁর সিএনজিতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তৌহিদ মিয়া আরও জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিতে আরও দুই-একজন যাত্রী ছিলেন বলে তিনি জানতে পেরেছেন। তাঁরা গুরুতর আহত না হওয়ায় অন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
তৌহিদ মিয়ার বর্ণনা অনুযায়ী, দুর্ঘটনায় সানোয়ার হোসেনের মাথা ও ঘাড়ের ডান পাশে গুরুতর আঘাত লাগে। তাঁর গলার ডান পাশ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের কাছ থেকে তিনি জানতে পারেন, রক্তক্ষরণের কারণে ওই চালকের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সিএনজিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এমএমআর/এএম