নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম
স্থানীয় বাস্তবতা ও পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, এসএসসি পরীক্ষা, রোজা, ধর্মীয় উৎসবসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ভোটের সময়সূচি নির্ধারণ করবে কমিশন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ ইউনেস্কোর সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ভবনে এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় নির্বাচনের কথা বলেছেন আপনারা কী ভাবছেন এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত কমিশন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আপনারা জানেন যে ১৭ সেপ্টেম্বর একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছিল। সেখানে বিভিন্ন ধরনের মতামত দেওয়া হয়েছে। সময়সূচির ব্যাপারেও আলোচনা করা হয়েছে এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়েছেন। কাজেই সব প্রস্তাবনার ওপর ভিত্তি করে আমার তো মনে হয় আমরা একটা কনক্লুসিভ সিদ্ধান্তে যেতেই পারি।
তিনি আরও বলেন, মন্ত্রী মহোদয় বলেছেন জানুয়ারি থেকে জুনের কথা, ভালো একটা রেফারেন্স তো পাওয়া গেলই। তাহলে রেফারেন্স পাওয়া গেলে সেভাবে আমরা হয়তো বাকি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। যেহেতু আজকে কথা বলছেন, ইটস টু আর্লি ফর মি টু কমেন্ট। বাট আমার মনে হয় যে এটা কমিশনে আমি জানাব, আপনাদের রেফারেন্সেই জানাব।
অন্য এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারটা তো ভবিষ্যতের ব্যাপার। যেকোনো একটা নির্বাচন ব্যবস্থাপনায় একটা সুস্থতা এবং সুষ্ঠুতা সবাই চায়। এটা যেকোনো প্রেক্ষাপটে সবাই চাইবেই। এটাই তো কথা। আমরা ১২ ফেব্রুয়ারি একটা ভালো সংসদ নির্বাচন করেছি। ওইটাই তো আমাদের প্রত্যাশা হয়ে দাঁড়িয়েছে, তাহলে আমরা কি প্রত্যাশার জায়গাটা ওখান থেকে আরও উপরে নিব নাকি নিচে যাব? আমরা অবশ্যই উপরে নিব।
তিনি আরও বলেন, যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এখন যেকোনো ধরনের তো অনেক ব্যাপ্তি। আমি বলছি যে প্রয়োজনীয়, যেটা যেখানে দরকার, সেখানে সেই প্রয়োজনীয় ব্যবস্থা অবিলম্বে নেওয়া হবে।
ভোটের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, প্রস্তুতির সংজ্ঞাটা কী? প্রস্তুতির উপাত্তগুলো কী কী? ভোটার তালিকা আছে, ভোটের জন্য উপকরণ আছে, ভোট কেন্দ্রও আছে। এখন আমাদেরকে স্থানীয় বাস্তবতাগুলোকে বুঝে নিতে হবে। স্থানীয় বাস্তবতাগুলো কী? এসএসসি পরীক্ষা, রোজা, আপনার বিভিন্ন ধর্মীয় উৎসব, জাতীয় দিবসসমূহ ইত্যাদি। এগুলো নিয়ে আমরা একটা সুষ্ঠু সমাধানে আসব।
এমএইচএইচ/এফএ