বোরহান উদ্দিন
২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দফতরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
মঙ্গলবার (২২সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে সাইডলাইন বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।
এ সময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদার করা এবং ভবিষ্যতে পারস্পরিক অংশীদারত্বের ক্ষেত্রগুলো সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) উজ. হুসেইন মোহামেদ লতিফ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এই পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
বিইউ/এএম