নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
জার্মানি যাওয়ার পথে ঢাকায় স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগেকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান তারা। এ সময় তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন।
স্বল্পস্থায়ী এই বৈঠকে দুই দেশের যৌথ স্বার্থসংশ্লিষ্ট নানা দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। ১৯৭১ সালে প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে দেওয়া ভুটানের ঐতিহাসিক স্বীকৃতি এবং সময়ের সঙ্গে দুই দেশের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন মন্ত্রীরা।
বৈঠকে ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) গড়ে তুলতে বাংলাদেশের আগ্রহের কথা জানানো হয়। বিশেষ করে প্রয়োজনীয় পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি সরবরাহের মাধ্যমে এ প্রকল্পে অবদান রাখার প্রস্তাব দেয় বাংলাদেশ। পাশাপাশি, দক্ষিণ এশিয়ার সমৃদ্ধির লক্ষ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী দৃষ্টিভঙ্গি স্মরণ করে এই অঞ্চলের মানুষের সম্মিলিত কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তারা।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর ভুটানের প্রধানমন্ত্রী জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
এসএইচ/এফএ