নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই ফ্লাইটে আসা পাঁচ যাত্রীর ব্যাগেজ থেকে ২৪ লিটার বিদেশি লিকার (মদ) আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা। আটক লিকারের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালকের কাছে আসা নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নজরদারি নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এয়ারপোর্ট সি-শিফট। গোয়েন্দা তথ্য ছিল, এয়ার ইন্ডিয়ার AI2183 ফ্লাইটে মুম্বাই থেকে ঢাকায় আসা কয়েকজন যাত্রীর ব্যাগেজে আমদানি নিষিদ্ধ পণ্য থাকতে পারে। এরপর সি-শিফটের কর্মকর্তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নেন।
ফ্লাইটটি সকাল ১০টা ৫৬ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহভাজনদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় পাঁচ যাত্রীর ব্যাগ থেকে বিভিন্ন পরিমাণ লিকার পাওয়া যায়।
তল্লাশিকালে যাত্রী কাসেমের ব্যাগ থেকে ৬ লিটার, যাত্রী মো. মামুনের ব্যাগ থেকে ১২ লিটার, যাত্রী তপনের ব্যাগ থেকে ৩ লিটার, যাত্রী ফয়সাল মিয়ার ব্যাগ থেকে ২ লিটার এবং শামসুল আলম পলাশের ব্যাগ থেকে ১ লিটার লিকার উদ্ধার করা হয়।
কাস্টমস বিধি অনুযায়ী এসব লিকার জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা লিকারের পরিমাণ ২৪ লিটার এবং আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, একই ফ্লাইট ও একই রুটে একাধিক যাত্রীর মাধ্যমে এভাবে লিকার বহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, যাত্রীদের কেউ পরিকল্পিতভাবে ব্যবহার করছে কি না এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত দল অনুসন্ধান করছে।
এমআর/এএম