দেহের গুরুত্বপূর্ণ যে অঙ্গ খাদ্য হজমের প্রাথমিক পর্যায় সম্পন্ন করে, সেই পাকস্থলিতে করেই কিনা ইয়াবা ট্যাবলেট পাচার। তাও ১০, ২০ বা ৫০টা নয়, গুণে গুণে ৬ হাজার ৩৭৮টি ইয়াবা ট্যাবলেট বের করা হলো এক যুবকের পাকস্থলি থেকে!
শনিবার (১ নভেম্বর) রাতে এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে পাকস্থলীতে ইয়াবা বহনকালে মো. পান্নু হাওলাদার নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
এরপর রাতেই ওই যুবকের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পান্নু হাওলাদার (৩০) বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, অভিযুক্ত পান্নু হাওলাদারকে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেইটের সামনের রাস্তা থেকে আটক করা হয়।
এরপর পান্নুকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করেন। এয়ারপোর্টে চিকিৎসকের শরণাপন্ন হলে এক্সরে পরীক্ষায় তার পেটে প্রচুর পরিমাণে ডিম্বাকৃতির বস্তুর সন্ধান মেলে।
পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসকের তত্ত্বাবধানে পান্নুর পায়ুপথ দিয়ে স্কচটেপ মোড়ানো অবস্থায় ১৩৬ পোটলা ইয়াবা বের করা হয়। এগুলো খুলে মোট ৬৩৭৮ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা যায়।
এ ব্যাপারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ‘পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক পরিবহন সত্যিই অবাক করার মতো ঘটনা।’
তিনি জানান, ‘আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রমরোধে সচেষ্ট আছি। হজরত শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে যেকোনো অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছি।’
এএইচ




