Dhaka Mail Logo

জাতীয়

পরিচ্ছন্ন রাজধানী গড়তে ডিএনসিসির ‘ক্লিন উইক’

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না বলে মন্তব্য করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে নাগরিকদের সচেতনতার মাধ্যমে রাজধানীকে ‘ক্লিন ঢাকা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মহাখালী জোন-৩ আঞ্চলিক কার্যালয়ের সামনে আয়োজিত বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা অভিযান কোনো একদিনের কর্মসূচি নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডিএনসিসির প্রতিটি জোনে ‘ক্লিন উইক’ কর্মসূচি নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মহাখালীতে বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহের উদ্বোধন করা হলো।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন নিয়মিত রুটিন অনুযায়ী কাজ করছেন। তবে বিশাল আয়তন ও বিপুল জনসংখ্যার এই শহরকে শুধু সিটি করপোরেশনের একার পক্ষে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। নাগরিকদেরও এই কাজে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শফিকুল ইসলাম খান বলেন, চলার পথে টিস্যু কিংবা অন্যান্য আবর্জনা যত্রতত্র ফেলার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি ও এর সামনের আঙিনা পরিচ্ছন্ন রাখলে নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি নাগরিকদের নির্ধারিত স্থানে আবর্জনা ফেলার আহ্বান জানিয়ে বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করলেও নাগরিক সচেতনতা ছাড়া এ উদ্যোগ দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়। পরিচ্ছন্নতার দায়িত্ব শুধু পরিচ্ছন্নতাকর্মীদের নয়, নগরের প্রতিটি বাসিন্দারও।

DNCC2

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী। উদ্বোধন শেষে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও আব্দুর রহমান সানীর নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মো. হুমায়ুন কবির, সচিব মো. আসাদুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

এমএইচ/এফএ