Dhaka Mail Logo

জাতীয়

শাহজালালে অভিযান: শুল্ক-করসহ প্রায় পৌনে ২ কোটি টাকার পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট ২০২৬, ০৩:২৬ এএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। এসব অভিযানে মোট ৩৪৯ কার্টুন সিগারেট, ৩৮০ কেজি নিষিদ্ধ ক্রিম ও ১ লিটার বিদেশি মদ আটক করা হয়।

আটক পণ্যের শুল্কায়নযোগ্য ও বাজারমূল্য প্রায় ৯০ লাখ ১৬ হাজার টাকা। এর বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। সব মিলিয়ে শুল্ক-করসহ আটক পণ্যের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা।

সোমবার (১৭ আগস্ট) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টুন সিগারেট

সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের এ-শিফট দুবাই থেকে আসা এমিরেটসের EK582 ও EK586 ফ্লাইটে অভিযান চালানো হয়। এ সময় তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টুন বিদেশি সিগারেট, ৯ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ আটক করা হয়।

আটক সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা। এর বিপরীতে ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর ৪২ লাখ ২২ হাজার ৮০০ টাকা। বিদেশি মদের শুল্কায়নযোগ্য মূল্য ২০ হাজার টাকা এবং এর বিপরীতে ৬১০ দশমিক ৩০ শতাংশ হারে শুল্ক-কর ১ লাখ ২২ হাজার ৬০ টাকা। এ ছাড়া আটক নিষিদ্ধ ক্রিমের বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।

BG148 ফ্লাইটে ১৭৯ কার্টুন সিগারেট

এর আগে ১১ আগস্ট দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালায় সিআইআইডির এ-শিফট। এ সময় বিভিন্ন যাত্রীর কাছ থেকে ১৭৯ কার্টুন বিদেশি সিগারেট ও ৫২ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম আটক করা হয়।

আটক সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৭ লাখ ১৬ হাজার টাকা। এর বিপরীতে ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর ৪৪ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা। নিষিদ্ধ ক্রিমের শুল্কায়নযোগ্য মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা।

এ অভিযানে আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা।

ফরেন পোস্ট অফিসে ৩১৯ কেজি নিষিদ্ধ ক্রিম

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালিয়ে ৩১৯ কেজি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমের একটি চালান আটক করা হয়।

সিআইআইডি জানিয়েছে, আটক ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

সিআইআইডি জানায়, চোরাচালান প্রতিরোধ ও সরকারের রাজস্ব সুরক্ষায় গোপন তথ্য সংগ্রহ, ঝুঁকিভিত্তিক নজরদারি এবং বিমানবন্দরে যাত্রী, কার্গো ও পার্সেল পর্যায়ে অভিযান অব্যাহত রয়েছে।

এমআর/এফএ