চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ের সর্ববৃহৎ সিগারেটের চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টুন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে। আটক পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
সোমবার (১৭ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআইআইডির মহাপরিচালকের কাছে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রী ও ব্যাগেজের ওপর বিশেষ নজরদারি শুরু করা হয়।
অভিযানে যাত্রী মঈনুল আবদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টুন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টুন, মোট ২৬৪ কার্টুন সিগারেট এবং চারটি আইফোন আটক করা হয়। একই ফ্লাইটের আরেক যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টুন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টুন, মোট ২৪৬ কার্টুন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়। এ ছাড়া যাত্রী নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টুন ও ইজি ব্র্যান্ডের সাত কার্টুন, মোট ২৭২ কার্টুন সিগারেট এবং পাঁচটি আইফোন আটক করা হয়।
আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪
তবে অভিযানের সবচেয়ে বড় চালানটি পাওয়া যায় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে। একই ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ তল্লাশি করে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়।
এ নিয়ে এক ফ্লাইট থেকেই মোট ১ হাজার ৮০২ কার্টুন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন আটক করা হয়।
সিআইআইডি জানিয়েছে, আটক সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। এর ওপর ৬২১ শতাংশ টিটিআই অনুযায়ী প্রযোজ্য শুল্ক-করের পরিমাণ প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা।
অন্যদিকে, আটক ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা। এগুলোর ওপর ৫৮ শতাংশ টিটিআই অনুযায়ী প্রযোজ্য শুল্ক-করের পরিমাণ প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।

সব মিলিয়ে আটক সিগারেট ও মোবাইল ফোনের শুল্ক-করসহ মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।
সিআইআইডি বলছে, একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন এবং একই ফ্লাইটের মালিকানাবিহীন ব্যাগেজ থেকে আরও ১ হাজার ২০ কার্টুন সিগারেট উদ্ধারের ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সিগারেটের চালান আটকের ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চোরাচালান প্রতিরোধ, রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে অবৈধ পণ্য আনার অপচেষ্টা ঠেকাতে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এমআর/এআরএম




