Dhaka Mail Logo

জাতীয়

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নৌযান শুমারি

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী নৌযানের সমন্বিত তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরির লক্ষ্যে দেশে প্রথমবারের মতো নৌযান শুমারি শুরু হচ্ছে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট এ শুমারি পরিচালনা করবে নৌপরিবহন অধিদফতর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। শুমারির প্রতিপাদ্য, ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।’

সোমবার (৩ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগীয় পর্যায়ে নৌযান-সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সেমিনারে এ তথ্য জানানো হয়।

সেমিনারে জানানো হয়, নৌপরিবহন খাতে নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা কমানো, এ খাতে নিয়োজিত জনবলের জীবনমান উন্নয়ন এবং নৌপরিবহন ব্যবস্থার পরিকল্পিত উন্নয়নের জন্য একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করাই এ শুমারির মূল উদ্দেশ্য।

শুমারির আওতায় থাকবে বাংলাদেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযান। এ ছাড়া ডাম্ববার্জ এবং ইঞ্জিনচালিত না হলেও অন্য নৌযান দিয়ে টেনে বা ধাক্কা দিয়ে পরিচালিত সব ধরনের নৌযানও শুমারির অন্তর্ভুক্ত হবে। তবে সামরিক বাহিনীর মালিকানাধীন ও তাদের তত্ত্বাবধানে পরিচালিত নৌযান, যদিও সেগুলো অন্য কোনো বাহিনী বা সংস্থার কার্যক্রমে নিয়োজিত থাকে, সেগুলো শুমারির আওতার বাইরে থাকবে।

সেমিনারে উপস্থাপিত তথ্য অনুযায়ী, সারা দেশে লিস্টিং কার্যক্রমে মোট ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি ইঞ্জিনচালিত নৌযান শনাক্ত হয়েছে। এর মধ্যে ঘাটভিত্তিক নৌযান ১ লাখ ৭৪ হাজার ৪৭টি এবং খানাভিত্তিক নৌযান ৭০ হাজার ৭৬১টি। খুলনা বিভাগে মোট ১০ হাজার ৩২৭টি নৌযান পাওয়া গেছে। এর মধ্যে ঘাটভিত্তিক ৭ হাজার ৪১৪টি এবং খানাভিত্তিক ২ হাজার ৯১৩টি।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন- খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

বক্তব্যে তিনি বলেন, ‘নৌযান শুমারিসহ সব ধরনের শুমারি দেশের জন্য গুরুত্বপূর্ণ। উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, সরকার প্রথমবারের মতো নৌযান শুমারি পরিচালনা করতে যাচ্ছে। শুমারি সফল করতে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ এবং নৌ অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. আব্দুল আলীম।

এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, নৌপরিবহন মালিক গ্রুপ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, নৌ-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এমআই