Dhaka Mail Logo

জাতীয়

বৃক্ষমেলায় অন্যরকম দিন, স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে বৃহস্পতিবার (৯ জুলাই) শুরু হয়েছে জাতীয় বৃক্ষমেলা-২০২৬। সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন শেষে সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণেই  বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি মেলায় অংশ নেওয়া পরিবেশবাদী সংগঠনের স্টল ও নানা রকম ফুল-ফল আর ওষুধি গাছ দিয়ে সাজানো নার্সারিগুলো ঘুরে দেখেন।

স্টলে স্টলে ঘোরার সময় প্রধানমন্ত্রী প্রতিটি উদ্যোগের খোঁজখবর নেন এবং তরুণদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন।

উপহার পেলেন শিশুদের আঁকা ছবি 
প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণের মঞ্চের কাছে পরিবেশবাদী সংগঠন ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন’-এর স্টল ঘুরে দেখেন। এ সময় তাকে ফাউন্ডেশনের জলবায়ু ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হলে তিনি তরুণদের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানান এবং শুভকামনা জানান।স্টল পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে শিশুদের আঁকা একটি ছবি উপহার দেওয়া হয়, যা তিনি হাসিমুখে গ্রহণ করেন।

ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাংবাদিক আরিফুজ্জামান মামুন বলেন, খোদ প্রধানমন্ত্রী যখন আমাদের স্টলে এসে অনুপ্রেরণা দেন তখন পরিবেশ নিয়ে কাজ করার আগ্রহ আরও অনেক বেড়ে যায়। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। 

কাজগের কলম 
মেলা প্রাঙ্গণে পরিবেশবাদী সংগঠন ‘মিশন গ্রীন বাংলাদেশ’-এর স্টলে গিয়ে চমকে যান প্রধানমন্ত্রী। সেখানে তরুণদের তৈরি পরিবেশবান্ধব ‘কাগজের কলম’ (পেপার পেন রেভোলিউশন) দেখে তিনি খুশি হন। 

সংগঠনের নির্বাহী পরিচালক আহসান রনি জানান, প্রধানমন্ত্রী এই কাগজের কলমটি এতটাই পছন্দ করেছেন যে সরকারি অফিস-আদালতে ব্যবহৃত প্লাস্টিকের কলমের পরিবর্তে এই পরিবেশবান্ধব কলম ব্যবহার করার জন্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বর্জ্যকে সম্পদে রূপান্তর করার লক্ষ্যে সংগঠনটির সিগনেচার উদ্যোগ ‘ভাংরি মামা’র অভিনব চিন্তাভাবনারও ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 

 

 

‘বাহ! আপনি তো দারুণ সাজিয়েছেন’
পরিবেশবাদী সংগঠনগুলোর স্টল দেখা শেষে প্রধানমন্ত্রী ঢোকেন ফুলে-ফলে সুসজ্জিত বিভিন্ন নার্সারির স্টলে। একটি নার্সারির চমৎকার সাজসজ্জা দেখে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘বাহ! আপনি তো দারুণ সাজিয়েছেন।’

প্রধানমন্ত্রী কেবল প্রশংসাই করেননি, বরং নার্সারির ভেতরের খোঁজ নিতে তাদের জিজ্ঞেস করেন- গাছগুলো কি শুধুই মেলা উপলক্ষে এভাবে সাজিয়ে রাখা হয়েছে, নাকি বাস্তবেও এমন? জবাবে নার্সারির প্রতিনিধিরা জানান, সাভারের আশুলিয়াতে তাদের মূল নার্সারিটিও ঠিক একইভাবে সাজানো-গোছানো। একথা শুনে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ ত্যাগ করলেও তার এই আন্তরিক সফর মেলার স্বেচ্ছাসেবক ও বৃক্ষপ্রেমীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করেছে। মেলায় অংশ নেওয়া তরুণদের মতে, দেশের সর্বোচ্চ অভিভাবক যখন নিজে এসে এভাবে উৎসাহ দেন, তখন পরিবেশ রক্ষার লড়াইটা আরও সহজ হয়ে যায়।

বিইউ