Dhaka Mail Logo

জাতীয়

আনসার সদস্যদের সাফল্য তুলে ধরবে ‘প্রান্তিক কণ্ঠস্বর’

নিজস্ব প্রতিবেদক

০১ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০ লাখ সদস্যের বিভিন্ন সাফল্য ও কর্মকাণ্ড তুলে ধরতে অনলাইন নিউজ পোর্টাল ‘প্রান্তিক কণ্ঠস্বর’ চালু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বুধবার (১ জুলাই) দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে পোর্টালটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ৬০ লাখের বেশি সদস্যের এই বাহিনীর নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং গুজব-অপপ্রচার মোকাবিলার লক্ষ্য নিয়ে চালু হওয়া এই প্ল্যাটফর্ম একটি সময়োপযোগী উদ্যোগ।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ ৬০ লাখের বেশি সদস্যের একটি বিশাল পরিবার। ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এবং নগর প্রতিরক্ষা দল (টিডিপি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। তাদের নীরব আত্মত্যাগ ও সাফল্যের গল্প জনগণের সামনে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সেই দায়িত্ব সফলভাবে পালন করবে।

তিনি বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক যাত্রা একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ। ডিজিটাল রূপান্তরের এ সময়ে তথ্যপ্রযুক্তির বিকাশ যেমন তথ্যপ্রবাহকে সহজ করেছে, তেমনি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যও নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ বাস্তবতায় একটি বৃহৎ রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্বশীল ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা সময়ের দাবি।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে গুজব, ভুয়া খবর ও ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে ছড়ানো গুজব ও অপপ্রচারের দ্রুত জবাব দিতে বাহিনীর ওয়েব পোর্টাল prantikkonthoshor.gov.bd-এ নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিক পর্যায়ে এটি সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হবে।

মন্ত্রী বলেন, একটি সুশৃঙ্খল বাহিনীর সবচেয়ে বড় শক্তি শুধু তার সক্ষমতা নয়, বরং জনগণের আস্থা। আর সেই আস্থা গড়ে ওঠে সঠিক, নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে। তিনি জানান, মিডিয়া সেলের আওতায় অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলও চালু করা হয়েছে। এর মাধ্যমে বাহিনীর কর্মকাণ্ড আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সহজলভ্য হবে।

তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯-এর আলোকে স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের সংস্কৃতি গড়ে তুলতে বাহিনীর সদস্যদের কমিউনিটি জার্নালিজমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক মানুষের জীবন, সংগ্রাম, সাফল্য ও সম্ভাবনার গল্প জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ৬০ লাখের বেশি সদস্যের এই সুশৃঙ্খল বাহিনী দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে নিজেদের কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল এবং তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়েই আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বাহিনীর নিজস্ব মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’।

তিনি বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ শুধু একটি অনলাইন পোর্টাল নয়; এটি মাঠপর্যায়ের সদস্যদের শ্রম, ত্যাগ ও সাফল্যের জীবন্ত প্রতিচ্ছবি। অফিসিয়াল অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সমন্বয়ে এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, ‘সারাদেশে বিস্তৃত ৪৭টি ব্যাটালিয়নের সদস্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠানে নিয়োজিত ৫০ হাজারের বেশি অঙ্গীভূত আনসার এবং সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত গ্রাম ও নগর প্রতিরক্ষা দলের সদস্যদের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরাই এই বহুমুখী প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।’

একেএস/এমআই