নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২৬, ০২:০২ পিএম
ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদসহ সব ক্ষেত্রে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (১৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। এ সময় সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনটির নেতারা বলেছেন, যৌথ নির্বাচন ব্যবস্থায় সংখ্যালঘু সম্প্রদায় তাদের জনসংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাই চলমান সংসদ অধিবেশনেই এ বিষয়ে বিল উত্থাপন করতে হবে, অন্যথায় দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
লিখিত বক্তব্যে বলা হয়, সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধান, প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা জরুরি। সংগঠনটির মতে, বর্তমান যৌথ নির্বাচন পদ্ধতিতে ধর্মীয় সংখ্যালঘুরা তাদের জনসংখ্যানুপাতিক রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে পারছেন না।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বেড়েছে। গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ৮১ জন খুন ও রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছেন বলে দাবি করা হয়। একই সময়ে খুনের উদ্দেশে ২২৭ জনকে আহত করা হয়েছে এবং এক হাজার ৫৩৭টি পরিবারকে দেশত্যাগের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন নেতারা। এছাড়া ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর, জমি দখল, মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়।
সংগঠনের নেতারা বলেন, সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি নির্মাণকে কেন্দ্র করে মিথ্যা প্রচারণা চালিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হয়েছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, স্বাধীনতার আগে ও পরে বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায় রাজনৈতিক ও সামাজিকভাবে বঞ্চনার শিকার হয়েছে। সংবিধানে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের প্রস্তাব বাতিল হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। একই সঙ্গে অতীতে সংঘটিত বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিচার না হওয়ার অভিযোগ তোলা হয়।
সংগঠনটির দাবি, সরকারি হিসাব অনুযায়ী দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ১২ শতাংশ হলেও জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব সেই অনুপাতে নিশ্চিত হয়নি। ফলে যৌথ নির্বাচন ব্যবস্থার কারণে সংখ্যালঘুরা তাদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
এ পরিস্থিতিতে চলমান সংসদ অধিবেশনেই জাতীয় সংসদসহ সব পর্যায়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিল উত্থাপনের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া না হলে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।
এএইচ/এমআই