শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

প্রাইভেট প্রতিষ্ঠানে ড্রেসকোড হিজাব করায় হিন্দু মহাজোটের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

প্রাইভেট প্রতিষ্ঠানে ড্রেসকোড হিজাব করায় হিন্দু মহাজোটের প্রতিবাদ

একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হিজাব বাধ্যতামূলক করায় এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ প্রতিবাদ জানায় সংগঠনটি। 

মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে লিখিত বক্তব্যে বলেন, আপনারা এরইমধ্যে জেনেছেন যশোরের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজে অমুসলিম শিক্ষার্থীদের ও হিজাব বাধ্যতামূলক করা হয়েছে। যা ইতোমধ্যে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।


বিজ্ঞাপন


তিনি বলেন, ২০১০ সালের ৪ অক্টোবর হাইকোর্ট এক রায়ে বলেছেন, বাংলাদেশের সীমানার মধ্যে কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় পোশাক পরতে বাধ্য করা যাবে না। তবে এই আদেশ অমান্য করে চলেছে আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ। তারা প্রতিষ্ঠানে ড্রেসকোড হিসেবে হিজাব বেছে নিয়েছে।

পলাশ কান্তি দে বলেন, আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজে ছাত্রীদের ড্রেস কোড হিসেবে হিজাবকে বেছে নেওয়ায় সব ধর্মের শিক্ষার্থীরা তা পরতে বাধ্য হচ্ছেন। ছাত্রীদের ভর্তির সময়েই এ বিষয়ে লিখিত সম্মতি নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। আর হিজাব পরতে অসম্মতি জানালে তাদের বিভিন্ন কারণ দেখিয়ে ভর্তি করা থেকে বিরত রাখা হচ্ছে। 

তিনি আরও বলেন, গত ১৮ ফেব্রুয়ারি পল্টনে এক মৌলবাদী গোষ্ঠীর সমাবেশে মৌলবাদী গোষ্ঠী প্রকাশ্যে হিন্দু নারীদের শাঁখা সিঁদুর ও হিন্দু পুরুষদের ধুতি পড়া বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এই গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার এবং প্রশাসনকে এদের শাস্তির আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস ও সহসভাপতি উত্তম চক্রবর্তীসহ হিন্দু মহাজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর