জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন ভাড়া সমন্বয় করেছে সরকার। এক্ষেত্রে মহানগর ও দূরপাল্লার বাস ভাড়া বেড়েছে ১১ পয়সা। ফলে অনেকেই জানতে চাচ্ছেন রুটভিত্তিক বাস ভাড়া এখন কত টাকা গুণতে হবে।
জ্বালানির দাম বাড়ার প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিবহনের নতুন ভাড়া ঘোষণা করে সরকার। নতুন ভাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আর আন্তঃজেলার বাসে ২ টাকা ১২ পয়সা থেকে ১১ পয়সা বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
রুটভিত্তিক ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এক্ষেত্রে সংস্থাটি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) দেওয়া দূরত্ব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও সওজের আওতাধীন ব্রিজ, টোল ও ফেরির ভাড়ার ওপর ভিত্তি করে নতুন ভাড়া নির্ধারণ করে।
ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড়ের (রুট-৯৩) দূরত্ব ৪২৪ কিলোমিটার। কিলোমিটার প্রতি আগের ভাড়া অনুযায়ী, এই রুটে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ১১৮০ টাকা। এখন নতুন ভাড়া অনুযায়ী ৬০ টাকা বেড়ে হয়েছে ১২৪০ টাকা।
ঢাকা (গাবতলী) থেকে রাজশাহীর (রুট-৮২) দূরত্ব ২৪৭ কিলোমিটার। আগে এই রুটের ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৭০০ টাকা, সেই ভাড়া এখন ৩৮ টাকা বেড়ে হয়েছে ৭৩৮ টাকা। ঢাকা (গাবতলী) থেকে রংপুর (রুট-৮৮) ৩০৮ কিলোমিটার দূরত্বের আগের ভাড়া ছিল ৮৭০ টাকা। নতুন ভাড়া ৪১ টাকা বেড়ে হয়েছে ৯১১ টাকা। ঢাকা (গাবতলী) থেকে বগুড়া (রুট-৮৪) ১৯১ কিলোমিটার দূরত্বের ৫৫০ টাকা থেকে ২৮ টাকা বেড়ে হয়েছে ৫৭৮ টাকা।
এদিকে, ঢাকা (সায়দাবাদ) থেকে টেকনাফের (রুট-৫০) দূরত্ব ৪৬২ কিলোমিটার। আগে এই পথে ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ১২৭০ টাকা। এখন ভাড়া ৬৫ টাকা বেড়ে হয়েছে ১৩৩৫ টাকা। দুরুত্ব হিসেবে আগে ঢাকা (সায়দাবাদ) থেকে চট্টগ্রামের (রুট-৪৮) টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ৬৭০ টাকা, এখন সেই ভাড়া ৩৪ টাকা বেড়ে হয়েছে ৭০৪ টাকা।
ঢাকা (সায়দাবাদ) থেকে খুলনার (রুট-৯৬) দূরত্ব ২০৫ কিলোমিটার। আগে আদায়যোগ্য ভাড়া ছিল ৬৫০ টাকা, এখন ভাড়া ৩০ টাকা বেড়ে হয়েছে ৬৮০ টাকা। ঢাকা (সায়দাবাদ) থেকে বরিশাল (রুট-৩৫) ১৭১ কিলোমিটার দূরত্বের ভাড়া ৫৬৫ টাকা থেকে ২৬ টাকা বেড়ে ভাড়া হয়েছে ৫৯১ টাকা।
ঢাকা (সায়দাবাদ) থেকে সিলেট (রুট-৫৭) ২৫৭ কিলোমিটার দূরত্বের ৭০০ টাকা থেকে ৪০ টাকা বেড়ে ভাড়া হয়েছে ৭৪০ টাকা। ঢাকা (মহাখালী) থেকে ময়মনসিংহ (রুট-১৫) ১১৬ কিলোমিটারের ৩১৫ টাকা থেকে ১৫ টাকা বেড়ে এখন ভাড়া হয়েছে ৩৩০ টাকা।
এ ছাড়া বেশি যাত্রী চলাচলকারী ঢাকা (সায়দাবাদ) থেকে কক্সবাজার (রুট-৪৯) ৩৯৬ কিলোমিটার দূরত্বের ১০৯০ টাকা থেকে ৫৭ টাকা বেড়ে ভাড়া হয়েছে ১১৪৭ টাকা। ঢাকা (সায়দাবাদ) থেকে কুমিল্লা (রুট-১৮) ১০২ কিলোমিটার দূরত্বের ২৯০ টাকা থেকে ১৬ টাকা বেড়ে ভাড়া হয়েছে ৩০৬ টাকা।
দেশের সবচেয়ে দীর্ঘ রুট হিসেবে পরিচিত দিনাজপুর থেকে টেকনাফের (অন্যান্য রুট-১৬৮) দূরত্ব ৮৪৪ কিলোমিটার। এতদিন এই রুটের ৪০ সিটের বাসে টোলসহ আদায়যোগ্য ভাড়া ছিল ২৩৪০ টাকা। এখন ১১৭ টাকা বেড়ে ভাড়া হয়েছে ২৪৫৭ টাকা।
ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় দূরত্ব অনুযায়ী কিলোমিটার প্রতি ২ টাকা ৫৩ পয়সা ধরে রুটভিত্তিক ভাড়া নির্ধারণ হচ্ছে। একই সঙ্গে ঢাকার আশপাশ এলাকা তথা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ক্ষেত্রে কিলোমিটার প্রতি ২ টাকা ৪৩ পয়সা ধরে নতুন ভাড়া দিতে হবে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা দিতে হবে।
এএম/এফএ