images

জাতীয়

ঈদ আনন্দে বিষাদের ছায়া

সাখাওয়াত হোসাইন

২০ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম

ঈদ মানে আনন্দ। সেই আনন্দ উদযাপনে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহর থেকে লাখ লাখ মানুষ কয়েক দিন ধরে যাচ্ছেন গ্রামের বাড়িতে। কিন্তু যাত্রাপথের কিছু দুর্ঘটনা ঈদের সেই আনন্দে বিষাদের ছায়া ফেলেছে। আপনজন হারিয়ে কিছু পরিবারে এখন শুধুই শোকের মাতম। 

গত কয়েক দিনে সড়ক, রেলপথ ও নৌপথের কয়েকটি দুর্ঘটনা মানুষের হৃদয় নাড়িয়ে দিয়েছে। ফলে ঈদযাত্রা একটা আতঙ্ক তৈরি করেছে দেশবাসীর মনে। সবার মনে একটাই ভয় আর উদ্বেগ, যাত্রাপথে কখন যেন ঘটে কী দুর্ঘটনা। কিন্তু কোন ঘটনাগুলোর প্রেক্ষিতে এমনটা হলো?

সদরঘাটে দুই লঞ্চের মাঝে পড়ে পিষ্ট হয়ে দুজনের প্রাণহানি

ঈদযাত্রায় প্রচণ্ড ভিড়ের মধ্যে রাজধানীর সদরঘাটে ট্রলারে করে লঞ্চে উঠতে গিয়ে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষে পিষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বুড়িগঙ্গায় নিখোঁজ আরও দুজন। এছাড়া অন্তঃসত্ত্বা এক নারী গুরুতর আহতাবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন। 

100
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের সময়ের চিত্র। ছবি- সংগৃহীত

গত বুধবার (১৮মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসা যাওয়া-৫’ (ঢাকা ইলিশা) লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় ‘এম ভি জাকির সম্রাট-৩’ নামে আরেক লঞ্চ। তখন ধাক্কা দেওয়া লঞ্চের সামনের অংশের আঘাতে অপেক্ষমান লঞ্চের দুজন যাত্রী পিষ্ট হন। তারা দুজনেরই মারা যান। 

এছাড়া একই ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারী গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দুই যুবকের মধ্যে একজন ওই আহত নারী স্বামী। তার নাম সোহেল ফকির। বাড়ি বরিশালে। এ দুর্ঘটনার ভিডিও সারাদেশ নাড়িয়ে দিয়েছে।

বগুড়ায় ট্রেন দুর্ঘটনায় শতাধিক আহত

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন গত বুধবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে বগুড়ার সান্তাহার জংশন ছেড়ে যাওয়ার পর লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়। আহত হন শতাধিক যাত্রী। তবে কারও প্রাণহানি হয়নি।

200
বগুড়ার শান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পরের দুটি চিত্র। ছবি- সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনার শিকার হয়। ওই স্থানে রেললাইনের মেরামত কাজ চলছিল এবং লাল পতাকা টানানো ছিল। চালক দ্রুতগতিতে আসায় দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রেনের চালক ও স্টাফরা পালিয়ে যান এবং তাদের কাউকে পাওয়া যায়নি।

এ ঘটনায় উত্তরের জেলাগুলোর সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুটি রিলিফ ট্রেনের মাধ্যমে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের পর দীর্ঘ ১৬ ঘণ্টারও বেশি সময় পর ওই রুট দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনাও যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি করেছে।

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ যায় তিনজনের

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ যায় তিনজনের। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার ওই দুর্ঘটনায় আরও ৯ যাত্রী আহত হন।

300
দুর্ঘটনার পর বিধ্বস্ত মাইক্রোবাসটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। চবি- ঢাকা মেইল

হাইওয়ে পুলিশ জানায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যরা মিলে ঢাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। ছোনকা এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগলে গাড়টির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত

চট্টগ্রামের পটিয়ায় খড়ের আগুনের ধোঁয়ায় সড়ক অন্ধকার হয়ে পড়ায় দুই বাসের সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং আরও ৮ জন আহত হন। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

400
পটিয়ায় সংঘর্ষে বিধ্বস্ত দুটি বাসের একটি। ছবি- সংগৃহীত

পুলিশ জানায়, রাস্তার পাশে খড়ে আগুন দেওয়ায় সৃষ্ট ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে পড়ে। এতে দুটি ঈগল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন একজন এবং আহত হন কয়েকজন। একই সময়ে মারসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। 

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় বাসচাপায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। 

শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজন হলেন- ত্রিশালের কাশিগঞ্জ এলাকার জালাল মিয়ার স্ত্রী মুশি আক্তার (৫০)। অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৬০ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী দ্রুতগতির বাসটি ওই স্থানে পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চলমান একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে লেগে মহাসড়কের পাশে পড়ে যায়। বাসচাপায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা দুটি। পাশাপাশি বাসের সামনের অংশও দুমড়েমুচড়ে যায়। 

500
ভালুকায় দুর্ঘটনা কবলিত বাসটি পাশে খাদে পড়ে রয়েছে। ছবি- সংগৃহীত

এ ঘটনায় ঘটনাস্থলেই মুশি আক্তার নামে এক নারী নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ভালুকা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অজ্ঞাত পরিচয় এক পুরুষ মারা যান। 

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, দুর্ঘটনায় একজন পুরুষ ও একজন মহিলা নিহত হয়েছেন। আহতদের মাঝে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পুরুষের পরিচয় পাওয়া যায়নি। বাসটি জব্দ করা হয়েছে।

সবমিলিয়ে এবারের ঈদ যাত্রায় রেল-সড়ক-নৌপথে দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকে। ফলে আনন্দের বার্তা নিয়ে ঈদ এলেও প্রতি বছরই যাত্রাপথের এমন দুর্ঘটনা কিছু পরিবারের আনন্দকে বিষাদে ঢেকে দেয়। এর থেকে যেন মুক্তি নেই।

এসএইচ/এএইচ