ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের বহন করা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নীলফামারীগামী আন্তঃনগর ট্রেনটি দ্রুতগতিতে আসছিল। হঠাৎ বিকট শব্দে কয়েকটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার করতে থাকেন। দুর্ঘটনার সময় ট্রেনের ছাদেও বিপুলসংখ্যক যাত্রী ছিলেন বলে জানা গেছে, এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহতদের উদ্ধারে কাজ শুরু করেছে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। ঈদযাত্রায় বাড়ি ফেরা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সান্তাহার ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এমআই

