বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

সদরঘাটে প্রাণঘাতী দুর্ঘটনা তদন্তে কমিটি, ২ লঞ্চের রুট পারমিট বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০১:৫৩ এএম

শেয়ার করুন:

L
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের সময়ের তিনটি ভিন্ন ভিন্ন চিত্র। ছবি- সংগৃহীত

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ও আরও একাধিক ব্যক্তি গুরুতর আহতের ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। 


বিজ্ঞাপন


তিনি জানান, দুটি কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, একটি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু ইসলামকে। আরেক কমিটির নেতৃত্বে আছেন বিআইডব্লিউটি-এর পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা এসব বিষয়ে খুব সিরিয়াস। প্রকৃতপক্ষে যাদের দোষী সাব্যস্ত করা হবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেব। কারণ নৌপথে ছোট্ট দুর্ঘটনাও মেনে নেওয়ার সুযোগ নেই।’

এর আগে বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দুটি লঞ্চের মাঝে পড়ে নৌকার এক যাত্রী নিহত হন। আহত হন নারীসহ আরও তিনজন। 

নিহত ব্যক্তির নাম সোহেল ফকির (২২)। বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চর খাগকাটা এলাকায়। দুর্ঘটনায় তার বাবা মিরাজ হোসেন (৫২) নিখোঁজ রয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন সোহেলের স্ত্রী রুবি।

আহত নারী অন্তঃসত্ত্বা জানিয়ে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সন্তান ভালো আছে; মা আঘাত পেলেও ভালো আছেন। তার ব্যাপারে আমরা খুবই কেয়ারফুল।’

এদিকে দুর্ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানান, কেরাণীগঞ্জ থেকে ট্রলারযোগে কিছু যাত্রী ঢাকা-ইলিশা (ভোলা) রুটে চলা একটি লঞ্চের পেছন দিক থেকে উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় সরাসরি সেই ট্রলার ও বিপরীত দিকে থাকা লঞ্চটিতে আঘাত হানে ‘জাকির সম্রাট-৩’ নামে আরেকটি লঞ্চ। পরে দ্রুত টার্মিনাল ত্যাগ করে ঘাতক লঞ্চটি।

এই দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দুই লঞ্চের মাঝে পিষ্ট হয়ে নিহত সোহেলের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়ার দৃশ্য সবার মনেই নাড়া দিয়েছে। একই ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও এক যুবক।

এএইচ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর