images

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড: আজ জাতীয় শহীদ সেনা দিবস

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ এএম

ঠিক ১৭ বছর আগে ২০০৯ সালের এই দিনে ততকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস-বিডিআরের (বর্তমানে বিজিবি) সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হয়েছিলেন।

দিনটি উপলক্ষ্যে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালিত হচ্ছে। দিবসটি পালন করা হচ্ছে গত বছর থেকে। দিনটি শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ, দোয়া এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর দিন হিসেবে পালন করা হচ্ছে।

এ উপলক্ষ্যে আজ সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সেনাদের রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।’

বর্বরোচিত ও নির্মম এই হত্যাকাণ্ডের এত বছর পরও পরিকল্পনাকারীরা বিচারের আওতায় আসেনি।

এই ঘটনায় পতিত আওয়ামীলীগ সরকার বিচার করলেও সেটি নিয়ে প্রশ্ন ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট ওই সরকারের পতনের পর একটি স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়, যেখানে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও জড়িতদের বিষয়ে তথ্য প্রকাশ করা হয়।

তবে অন্তর্বর্তী সরকার কমিশনের প্রতিবেদনে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও বিচার প্রক্রিয়া শুরু করলেও তা সমাপ্ত করতে পারেনি।

যদিও বর্তমান সরকার বলছে, তারা আবার নতুন করে কমিশন গঠন করে পুনঃতদন্ত করবে।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটার (বিডিআর বিদ্রোহ) জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে। আমাদের ইশতেহারের মধ্যেও আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিডিআর (বিদ্রোহের) ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করবো।’

এএম