বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিডিআর বিদ্রোহ: নতুন কমিশন গঠনে পুনঃতদন্ত করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

BDR mutiny
২০০৯ সালে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়েছিল

দেড় দশক আগের পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা নতুন করে তদন্ত শুরু করতে চায় বর্তমান সরকার। এ লক্ষ্যে নতুন করে তদন্ত কমিশনও গঠন করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সাংবাদিকদের প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘এটার (বিডিআর বিদ্রোহ) জন্য আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে।


বিজ্ঞাপন


‘আমাদের ইশতেহারের মধ্যেও আছে। আমরা বিডিআর (বিদ্রোহের) ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করবো’, বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’

ওয়ান ইলেভেন পরবর্তিতে আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় নজিরবিহীন বিদ্রোহে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়।


বিজ্ঞাপন


ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরণ আইনে করা মামলায় ১৩৯ জনকে মৃত্যুদণ্ড এবং ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এছাড়া আরও অন্তত ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

যদিও ওই ঘটনা নিয়ে তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে ততকালীন আওয়ামী লীগ সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন থেকে যায়।

তবে ২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

পরে একই বছরের ২৪ ডিসেম্বর বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তের জন্য ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ গঠন করে ততকালীন অন্তর্বর্তী সরকার।

পরে গত বছরের ৩০ নভেম্বর ওই সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। অর্থাৎ, ১১ মাস তদন্ত করে প্রতিবেদন তৈরি করেছিল কমিশন।

ওই প্রতিবেদনে বলা হয়, পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের সম্পৃক্ততা পেয়েছে কমিশন।

তারা এও বলছে, এ ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল। এছাড়া এই ঘটনায় ভারতেরও সম্পৃক্ততা পেয়েছে কমিশন।

ওই প্রতিবেদন বাস্তবায়নের বিষয়ে আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল।

উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটার জন্য আমরা আরেকটা তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি। আমরা বিডিআরের ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ পুনঃতদন্ত করব অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আপাতত এইটুকুই বলি কারণ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং বিস্তারিত কাজ করার সুযোগ রয়েছে।’

এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর