Dhaka Mail Logo

লাইফস্টাইল

প্রথম ডেটে যে ভুলগুলো করেন অনেকেই

লাইফস্টাইল ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

প্রিয় মানুষটির সঙ্গে প্রথমবার দেখা করার অনুভূতি হৃদয়ে অন্যরকম এক দোলা দেয়। দিনটি নিয়ে উচ্ছ্বাস, আনন্দ ও পরিকল্পনার সীমা থাকে না। কোথায় দেখা হবে, কি পরা হবে, কোন ধরণের উপহার কিনলে তার ভালো লাগবে, কী কী প্রশ্ন করা উচিত থেকে শুরু করে মনে মনে তার করা সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো পর্যন্ত গুছিয়ে রাখা হয়। তবে বিপত্তি বাঁধে সাক্ষাতের সময়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ছোট ছোট কিছুর ভুলে প্রথম ডেটের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তবে এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার প্রথম ডেট হতে পারে ইতিবাচক ও স্মরণীয়-

ডেট নাকি ইন্টারভিউ?

Picture

প্রথম ডেটে সামনের মানুষটিকে জানার প্রবল আগ্রহ থাকে। তাই আবেগের বশে অনেকেই একের পর এক প্রশ্ন করতেই থাকেন। ফলে অপর ব্যক্তি বিব্রত বা বিরক্ত হতে পারে। কারো সম্পর্কে জানার আগ্রহ আর তাকে জেরা করার মধ্যে পার্থক্য রয়েছে।

তাই শুরুতেই একের পর এক প্রশ্ন করবেন না। তার পছন্দ-অপছন্দ, শখ বা আগ্রহ, কাজ, পরিবার ইত্যাদি ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করার আগে তার অনুমতি নিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করার সময় অবশ্যই ব্যক্তিগত সীমা পার করবেন না।

নিজে প্রশ্ন করার পাশাপাশি তাকেও আপনাকে প্রশ্ন করার সুযোগ দিন। কেননা, প্রথম ডেট মানে শুধু অপরপক্ষকে জানা নয়, আপনি কেমন সেটিও তাকে জানানো। তাই ডেটের পুরো সময় নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন। এতে আপনার প্রতি পছন্দের মানুষটির ইতিবাচক ধারণা হবে।

Picture

বারবার প্রাক্তন সঙ্গীর প্রসঙ্গ টানবেন না

অতীত জীবনেরই একটি অংশ। এ বিষয়ে সীমিত আলাপ করাই যায়। তবে কথোপকথনে বার বার প্রাক্তন সঙ্গীর প্রশংসা বা সমালোচনা করা মোটেও উচিত নয়। এতে অপর ব্যক্তি অস্বস্তিতে পড়তে পারেন। তিনি মনে করতে পারেন, আপনি এখনও অতীতেই রয়ে গেছেন। তাই অপ্রয়োজনীয়ভাবে অতীত প্রসঙ্গ না টেনে নিজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলুন।

রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে অভদ্র আচরণ করবেন না

ছোটখাটো ভুলের জন্য ওয়েটারের ওপর মেজাজ দেখানো, আক্রমণাত্মকভাবে অভিযোগ করা কিংবা রেস্তোরাঁর কর্মীদের ছোট করে কথা বলবেন না। এসব অভদ্র আচরণ আপনার সম্পর্কে যেকোনো ব্যক্তির পুরো ধারণাই বদলে দিতে পারে।

Picture

এ ছাড়া, প্রথম ডেটে ফোন ব্যবহার যথাসম্ভব এড়িয়ে চলুন। সব ধরণের কাজ আগেই সেরে নিন যেন ডেটে কেউ আপনাকে কল করে বিরক্ত না করতে পারে। তবে জরুরি প্রয়োজনে যদি মেসেজের উত্তর বা কল রিসিভ করতেই হয় তবে অপর ব্যক্তির অনুমতি নিয়ে সংক্ষিপ্তভাবে আলাপ সেরে নিন।

ব্যক্তিগত বিষয়ে অস্বস্তিকর মন্তব্য করা

প্রথম ডেটে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা অস্বাভাবিক কিছু নয়। তবে যেকোনো বিষয়ে আলাপের জন্য নির্দিষ্ট সময় ও স্থান থাকে। তাই, প্রথম সাক্ষাতে অপর ব্যক্তির শারীরিক গঠন, বেতন, পারিবারিক পরিস্থিতি বা অতীত অভিজ্ঞতা নিয়ে হুটহাট কোনো প্রশ্ন বা মন্তব্য করবেন না। তিনি নিজ থেকে যা বলেন তা মনোযোগ দিয়ে শুনুন। তার বিষয়ে আপনার অভিমত পরেও জানানো যাবে।

তার সঙ্গে আপনার বোঝাপড়া কেমন হচ্ছে, আপনার সঙ্গে কথা বলে তিনি সাচ্ছন্দ্যবোধ করছেন কি না সেসব বিষয় খেয়াল করুন। আপনার বিষয়ে তিনি কী ধরণের প্রশ্ন করছেন সেসবের দিকে লক্ষ্য করলেও বোঝা যাবে আপনার সঙ্গে তিনি ঠিক কতটা গভীরে আলোচনা করতে চান।

Picture

মনে রাখবেন, প্রথম ডেট হলো একে অপরকে জানার দিন। তাই জানার স্পৃহা থেকে তাড়াহুড়ো করে অপর ব্যক্তির ব্যক্তিগত সীমা লঙ্ঘন করবেন না। যে কোনো প্রশ্ন করার আগে একটু ভাবুন, সিদ্ধান্তে পৌঁছানোর আগে সময় নিন।

প্রথম সাক্ষাত যে পুরোপুরি অর্থবহ হবে এমন কোনো কথা নেই। অনেক কিছুই পরিকল্পনা মোতাবেক হবে না। তবে যেকোনো পরিস্থিতিতে উভয় পক্ষই অপরকে জানার ব্যাপারে আন্তরিক হন, স্বাচ্ছন্দ্যবোধ করেন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকেন তবে প্রথম ডেট থেকেই একটি সুন্দর সম্পর্কের শুরু হতে পারে। সম্পর্ক যদি না ও হয় তবে একটি সুন্দর মুহুর্ত তো থেকে যাবে নিশ্চয়।

এএ