লাইফস্টাইল ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫, ১১:৫২ এএম
প্রকৃতিতে চলছে শীত। মাঘের হাওয়া যখন শরীরে কাঁপন ধরায় তখন একটুখানি রোদের উষ্ণতা যেন বহুল কাঙ্ক্ষিত। ভালো সূর্যালোক যে কেবল শরীরে উষ্ণতার যোগান দেয় তা নয়, এটি ভিটামিন ডি এর অভাবও পূরণ করে। যা সুস্থ থাকার ক্ষেত্রে বেশ জরুরি।
স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি হলেও সূর্যের আলো গায়ে মাখার সঠিক উপায় জানা থাকা দরকার। নয়তো উপকারের বদলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক উপকারিতা পেতে সূর্যস্নানের সময় কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত-

বেশিক্ষণ রোদে বসে থাকা
শীতকালে, মানুষ শরীরের তাপ ধরে রাখতে ঘণ্টার পর ঘণ্টা পার্কে বসে কাটান। এমন ভুল এড়িয়ে চলা উচিত। অনেকটা সময় রোদে বসে থাকলে ত্বক পুড়ে যেতে পারে। এতে ত্বক লাল হয়ে যাওয়া, চুলকানির মতো সমস্যাও দেখা দেয়।
সানস্ক্রিন ব্যবহার না করা
সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সবসময় ত্বকে সানস্ক্রিন লাগাতে হবে। হোক সেটি গরমকাল কিংবা শীত। সানস্ক্রিন ত্বককে পুড়ে যাওয়া এবং ত্বকের ক্যানসার থেকে রক্ষা করে। শীতকালে সানস্ক্রিন ব্যবহার না করলে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেনকে ভেঙে ফেলতে পারে। যা বলিরেখা, বাদামী দাগ এবং দুর্বলতার মতো সমস্যা তৈরি করতে পারে।

ভুল সময়ে সূর্যের আলোতে থাকা
শীতকালে, সকাল ৮টা থেকে ১০টা রোদ পোহানোর উপযুক্ত সময় হিসেবে বিবেচিত হয়। এসময় সূর্যের আলো মৃদু থাকে যা ত্বকের জন্য উপকারী বলে মনে করা হয়। ভুল সময়ে সূর্যের আলোতে থাকলে তা ত্বক ও চোখের ক্ষতি করতে পারে।
আরও পড়ুন- ডার্ক সার্কেল কেন হয়? দূর করতে করণীয়
পর্যাপ্ত পানি পান না করা
রোদে পোহানোর কারণে দেহে পানিশূন্যতা হতে পারে। তাই সূর্যস্নানের আগে ও পরে পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

চোখের সুরক্ষায় অবহেলা
শক্তিশালী সূর্যালোক চোখের ক্ষতি করতে পারে। এমন পরিস্থিতিতে রোদে বসে চোখের সুরক্ষায় সানগ্লাস পরুন।
সূর্যের আলো শরীরের জন্য উপকারি। তবে সেটি যেন ত্বকের ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখতে হবে।
এনএম