Dhaka Mail Logo

আইন-আদালত

আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ এএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ এবং ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

আইন প্রণয়ন বা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে এই আবেদনে।

বুধবার (২৫ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ও সরকারি কার্ডধারী আট জুলাইযোদ্ধার পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এ রিট আবেদন করেন।

আবেদনকারীরা হলেন- নড়াইলের এম এস মোস্তাফিজুর রহমান, বরগুনার হাবিব, খাগড়াছড়ির হামিদুল সরকার, ফেনীর জামাল, ঢাকার নূর আলম ও মনির হোসেন, কুমিল্লার রবিউল করিম এবং কিশোরগঞ্জের নাসিম মিয়া।

রিট আবেদনে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন ও বিচার, মন্ত্রিপরিষদ, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএফআইইউ প্রধানকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। তবে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে সংসদীয় আইন অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি প্রয়োজন।

আবেদনকারীরা লিখেছেন, ২০২৬ সালের ১০ নভেম্বরের পর থেকে দেশের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যা এবং থানা, হাসপাতালসহ সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার খবর এসেছে। গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রীও দলটিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে বর্ণনা করেছেন।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অর্থের উৎস অনুসন্ধান, অর্থ জব্দ এবং অর্থের প্রবাহ বন্ধে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলেরও আর্জি জানানো হয়েছে।

পাশাপাশি দলটির সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জেনেশুনে অর্থায়ন ও সহায়তাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশনা চাওয়া হয়েছে।

১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের অধীনে সুপ্রিম কোর্টের বর্তমান বা সাবেক কোনো বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদনও রয়েছে রিটে।

২০২৪ সালের ৫ আগস্টের পর দলটির কর্মকাণ্ড, দেশি-বিদেশি অর্থায়ন, সংগঠিত হওয়ার প্রক্রিয়া এবং এতে কোনো বিদেশি রাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার আর্জি জানানো হয়েছে।

সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়া থেকে দলটির প্রচারণা এবং সহিংসতায় উসকানি দেওয়া কনটেন্ট, পেজ ও চ্যানেল অপসারণ বা ব্লক করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

এছাড়া দলটির পক্ষে প্রচার, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা সেগুলোর যৌক্তিকতা প্রমাণের চেষ্টা এবং ‘জুলাই যোদ্ধাদের’ সন্ত্রাসী বা জঙ্গি আখ্যা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তি ও সম্প্রচারমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাওয়া হয়েছে। 

তবে বৈধ সংবাদ, অ্যাকাডেমিক আলোচনা ও সরকারের সমালোচনাকে এ আবেদনের বাইরে রাখার কথা বলা হয়েছে।

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত বা অভিযুক্ত অন্যদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

একইসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে সহিংসতায় উসকানি এবং দলটির সদস্যদের সীমান্ত অতিক্রম ঠেকাতে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর আবেদন করা হয়েছে। আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনও চাওয়া হয়েছে।

রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্র্বতী আদেশ হিসেবে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর হাসপাতাল, ক্লিনিক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দলটির অর্থের প্রবাহ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী শাহরিয়ার কবির সংবাদমাধ্যমকে বলেন, ‌এসব বিষয়ে পদক্ষেপ নিতে গত ১৯ নভেম্বর বিবাদীদের আইনি নোটিস দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পাওয়ায় রিটটি করা হয়েছে।

খুব শিগগিরই বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।

প্রসঙ্গত, চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাসহ অনেক মন্ত্রী, এমপি, আমলা এবং নেতারা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। দেশে থাকা নেতাকর্মীরা রয়েছেন আত্মগোপনে।

তবে সম্প্রতি ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে আসার ঘোষণায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা এবং গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় নাশকতা করছে।

কয়েকদিন ধরে চলা সহিংস কর্মকাণ্ডে পতিত দলটির নেতাকর্মীরা কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দিয়েছে, থানা জ্বালিয়ে দিয়েছে, নড়াইল ও ফরিদপুরে তিনজনকে হত্যা করেছে, পাশাপাশি ঢাকাসহ বিভিন্ন জায়গায় বহু বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

পতিত আওয়ামী লীগের এমন সহিংসতা দেশজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। ফলে দলটিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি উঠেছে। অবশেষে এ বিষয়ে হাইকোর্টে রিটও করা হলো।

এএইচ