ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, ‘ভারতের প্রতি আহ্বান, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করুন। আওয়ামী লীগের সন্ত্রাসীদের উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার সুযোগ করে দিলে এ দেশের মানুষ কখনো ভারতকে গ্রহণ করবে না।’
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড় গ্রামে অসুস্থ হয়ে মারা যাওয়া জুলাইযোদ্ধা বিপ্লব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, ভারত সরকার হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে। তাদের দেশে ফিরিয়ে দিয়ে বিচারের রায় কার্যকরে বাংলাদেশ সরকারকে সহযোগিতা এবং দুই দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের বিষয়টি তার সঙ্গে আলোচনা করার বিষয় নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে।
আখতার হোসেন আরও বলেন, শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছেন। তারা বাংলাদেশে ফিরবেন বলে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বলেছিলেন, তিনি পালান না; অথচ পরে দেশ ছেড়ে চলে গেছেন। তার দেশে ফেরার বক্তব্য নিয়েও সংশয় প্রকাশ করেন আখতার। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার সামনে ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার পথ ছাড়া আর কোনো পথ খোলা নেই। তার ভাষ্য, শেখ হাসিনা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছেন; দেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না।
এনসিপির সদস্যসচিব বলেন, দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে ও পরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে এনসিপি। দেশকে সন্ত্রাসমুক্ত রাখতে দলটি এখনো কাজ করবে। দেশ গঠনে আওয়ামী লীগের সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আখতার হোসেন বলেন, দেশের সাধারণ মানুষের বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছে এনসিপি। প্রধানমন্ত্রী ইতিবাচক সিদ্ধান্ত নিলে জনগণ উপকৃত হবে। এনসিপির দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, গঙ্গা চুক্তি নবায়ন এবং জুলাইযোদ্ধাদের পুনর্বাসন।
পরে আখতার হোসেন কাউনিয়া ডিসি ডব্লিউ ডিবি বাঁধ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন।
প্রতিনিধি/এসএস




