শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

আওয়ামী লীগ এখন রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী লীগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগ এখন রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী লীগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: ঢাকা মেইল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, এটি আওয়ামী সন্ত্রাসী লীগে পরিণত হয়েছে। ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়াই এখন তাদের কর্মকাণ্ডে পরিণত হয়েছে। ‘জয় বাংলা’ স্লোগানটি জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় নিজের বাসার সামনের গেটে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কীভাবে মোকাবিলা করতে হয় তা দেশের মানুষ জানে, সরকারও জানে। আমরা সহনশীল সরকার। মানুষের প্রতি সহনশীলতা দেখাই। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হলে সরকার তা নেবে। বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সরকার কঠোরভাবেই তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করতে গিয়ে দলটির নেত্রী শেখ হাসিনা নিজের পরিবার ও দলকেও ধ্বংস করেছেন। এখন দলটির ভেতরে যারা রয়েছেন, তাদেরও হত্যার চেষ্টা করা হচ্ছে। প্রতিহিংসা ও আক্রোশ থেকে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। যারা আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে, তাদের অবস্থা এমন হয়েছে যে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাস্থল ছেড়ে উধাও হয়ে যাচ্ছে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব এখন উজ্জ্বল। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে এবং এমন একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা পাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ এসব কর্মকাণ্ড আর সহ্য করে না।

নিজের বাসার সামনে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে গেছে। তবে এ ঘটনায় সিলেটে এসে নেতাকর্মীদের পাশে পাওয়ায় তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। একই সঙ্গে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হুমায়ুন কবির বলেন, কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে ফিরতে পারবে না। তারা হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবে, নয়তো আইনের আওতায় আসবে। সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট বা পাসপোর্টের আবেদনের সুযোগ নেই। অপরাধীদের প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, যারা দেশের মানুষকে হত্যা করেছে, দেশের সার্বভৌমত্ব ও আইনশৃঙ্খলা ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। অপরাধী যত দূরেই পালিয়ে থাকুক আইনের দীর্ঘ হাত তাদের নাগাল পাবে।

শুক্রবার ভোরে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রবেশপথের একটি গেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পেট্রোল বোমা হামলার তথ্য ছড়িয়ে পড়লেও সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এটি পেট্রোল বোমা বা এ ধরনের কোনো বিস্ফোরক দিয়ে ঘটানো হয়নি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর