Dhaka Mail Logo

আইন-আদালত / অর্থনীতি

রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, মন্ত্রণালয়ের নির্দেশনা ৩ মাস স্থগিত

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সব ধরনের কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না। সংগঠনটির কার্যক্রম সীমিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এর ফলে বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), মেলাসহ সংগঠনটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বাধা থাকছে না।

রোববার (১ নভেম্বর) রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বরে দেওয়া সনদপত্রে এমন তথ্য জানানো হয়েছে। রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬।

সনদপত্রে বলা হয়, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে রিহ্যাবের রুটিন কার্যক্রম ছাড়া যেকোনো ধরনের সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়। এতে সংগঠনটির বোর্ড সভা, এজিএম, মেলাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছিল।

মন্ত্রণালয়ের ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। রিটের শুনানি শেষে আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন।

আদালতের এ আদেশের ফলে রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আরোপিত বিধিনিষেধ আপাতত কার্যকর থাকছে না। ফলে সংগঠনটি স্বাভাবিকভাবে বোর্ড সভা, এজিএম, মেলা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারবে।

আইনজীবীর সনদপত্রে আরও বলা হয়েছে, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে।

এমআর/এফএ