নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম
বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও তিন মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২৫ জানুয়ারির মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
মামলার দুই আসামি হলেন— সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ।
শুনানিকালে উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে জিয়াউল আহসানকে কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হয়।
আদালতে প্রসিকিউশনের পক্ষে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে আরও তিন মাস সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর জহিরুল আমিন।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৫ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। শুনানিতে প্রসিকিউটর মিজানুল ইসলাম, তাসমিরুল ইসলাম ও শাইখ মাহদীসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ আগস্ট এই মামলায় সাইফুর রহমানের জামিন আবেদন নাকচ করে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য ছিল। তার আগে গত ৯ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে জিয়াউল আহসানকে আগেই এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
প্রসিকিউশন জানায়, তদন্তে জিয়াউল ও সাইফের বিরুদ্ধে অভিযোগের স্বপক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেছে। ইলিয়াস আলীকে গুম ছাড়াও আরও কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার তথ্য পেয়েছে তদন্ত সংস্থা।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান মেলেনি।
আরএনবি/এফএ