Dhaka Mail Logo

আইন-আদালত

পলাতক সাবেক যুগ্মসচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর ২০২৬, ০১:১৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবিরের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

শুনানিতে প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও কোনো খোঁজ পায়নি। আসামিকে গ্রেফতার করতে না পেরে তারা ট্রাইব্যুনালে ‘নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর)’ জমা দিয়েছে।

এ অবস্থায় পলাতক এই আসামিকে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আরজি জানায় প্রসিকিউশন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য সময় চাওয়া হয়।

শুনানি শেষে বিচারক ধনঞ্জয় কুমারকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন।

এ মামলার অপর আসামি সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম আগে থেকেই গ্রেফতার আছেন। মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

এর আগে, গত ২৭ আগস্ট এ দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। সেদিনই ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নেন।

মামলার বিবরণে জানা যায়, তৎকালীন এই দুই পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে উচ্চতর দায়িত্বে থেকে জুলাই গণঅভ্যুত্থান দমাতে হত্যাযজ্ঞে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

আরএনবি/এফএ