রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

জুলাই গণহত্যা: যাত্রাবাড়ীতে ১৭ হত্যার তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

জুলাই গণহত্যা: যাত্রাবাড়ীতে ১৭ হত্যার তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল
সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুসহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে ট্রাইব্যুনাল।

রোববার (৪ অক্টোবর) প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন।

এদিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি মামলার তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালে তুলে ধরে আরও এক মাস সময়ের আবেদন করেন।

এ মামলায় সাবেক এমপি মনু ছাড়া গ্রেফতার হয়ে কারাগারে থাকা অপর চার আসামি হলেন— যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান ও মোক্তার হোসেন।

শুনানি শেষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, যাত্রাবাড়ী এলাকায় যে ম্যাসাকার (গণহত্যা) হয়েছিল, তার একটি অংশের বিচার প্রায় শেষ পর্যায়ে। আরও চারটি ভাগে আমরা এই বিচারকাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছি, সেভাবেই তদন্ত চলছে।

তিনি আরও বলেন, এর একটি অংশের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আজকে দিন নির্ধারিত ছিল। আমরা এক মাসের সময় চেয়েছি এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেছেন।

এর আগে গত ৩ অগাস্ট আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই মাস সময় চেয়েছিল প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে ৪ অক্টোবর দিন ধার্য রেখেছিল ট্রাইব্যুনাল। তদন্ত শেষ না হওয়ায় রোববার পুনরায় সময় চাইলে আগামী ৮ নভেম্বর নতুন দিন ধার্য করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই আন্দোলন  চলাকালে যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলমান রয়েছে।

আরএনবি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর