Dhaka Mail Logo

আইন-আদালত

একরাম হত্যা: ৩ সেনা কর্মকর্তার জামিন শুনানি শেষ, আদেশ ২৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদসহ তিন সেনা কর্মকর্তার জামিন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই দিন এ মামলার ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

এদিন এ মামলায় গ্রেফতার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও র‍্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। আসামিপক্ষে জামিন শুনানি করেন আইনজীবী তবারক হোসেন।

শুনানিতে প্রসিকিউটর জহিরুল আমিন বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত আসামিকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। নির্ধারিত দিনে তারা হাজির না হওয়ায় এখন নিয়ম অনুযায়ী তাদের পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) নিয়োগ দেওয়া প্রয়োজন।

আদালত এই প্রস্তাব গ্রহণ করে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৪ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ঠিক করে দেন।

এ মামলায় শেখ হাসিনা ছাড়াও পলাতক অন্য আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান ও স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ।

২০১৮ সালের ২৬ মে দিবাগত রাতে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সাগরতীরে র‍্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ওই রাতে কিরণতলীর একটি হোটেলের সামনে থেকে একরামুলকে তুলে নেওয়া হয় এবং পরে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় অবৈধভাবে আটক, অপহরণ, বন্দুকযুদ্ধের নামে হত্যা এবং প্ররোচনা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

গত ২৬ জুলাই ট্রাইব্যুনাল-২ শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগটি আমলে নিয়েছিলেন। এর আগে ২৫ আগস্ট বদিসহ চার আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।

আরএনবি/এফএ