Dhaka Mail Logo

আইন-আদালত

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিলের রায় যেকোনো দিন

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন। ফলে যেকোনো দিন এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আপিল বিভাগে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঁইয়া।

মুক্তিযোদ্ধা, শিক্ষক ও প্রখ্যাত শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন মারা যান।

২০০৫ সালে নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে যায়। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিরা খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় প্রদান করেন।

হাইকোর্টের রায়ে ছয়জনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। এছাড়া সাত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয় এবং ১১ জনকে খালাস দেওয়া হয়।

যাদের সাজা বহাল ও পরিবর্তন

হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা ছয় আসামি হলেন— নূরুল ইসলাম সরকার, নূরুল ইসলাম দীপু, মাহবুবুর রহমান মাহবুব, শহীদুল ইসলাম শিপু (কারাগারে মৃত), হাফিজ ওরফে কানা হাফিজ ও সোহাগ ওরফে সরু। যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয় টিপু ও নুরুল আমিনের।

যাদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয়— মো. আলী, সৈয়দ আহমেদ হোসেন মজনু, আনোয়ার হোসেন ওরফে আনু, রতন মিয়া ওরফে বড় মিয়া রতন, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর, আবু সালাম ওরফে সালাম ও মশিউর রহমান ওরফে মনু।

খালাসপ্রাপ্তরা হলেন— আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল, রনি মিয়া ওরফে রনি ফকির, খোকন, লোকমান, দুলাল মিয়া, মনির, রকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী ও জাহাঙ্গীর।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পরবর্তীতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। আজ সেই আপিল শুনানি শেষ হওয়ায় মামলাটি এখন রায়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আরএনবি/এফএ