সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আযাদের আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সেই বিষয়ে আদেশ আজ হচ্ছে না।
সোমবার (৭ সেপ্টেম্বর) এই আদেশ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আবুল কালামের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।
তিনি জানান, আপিল বিভাগে আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার মতো গুরুত্বপূর্ণ আপিল শুনানি চলমান থাকায় এই আদেশের সময় পিছিয়ে যাচ্ছে।
এর আগে গত ৩১ আগস্ট আপিল বিভাগ আদেশের জন্য আজকের দিন (৭ সেপ্টেম্বর) ধার্য করেছিলেন।
ওই দিন আদালতে আপিলকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক আর রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা আবেদনে আবুল কালাম আপিল করার ক্ষেত্রে সময়ের ‘বিলম্ব মার্জনা’ এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত করার আরজি জানিয়েছিলেন।
আবুল কালাম জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রোকন)। ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক থাকা অবস্থায় তাকে মৃত্যুদণ্ড দেন। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর অঞ্চলে তার বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছিলেন। এটিই ছিল ট্রাইব্যুনালের দেওয়া প্রথম কোনো মামলার রায়।
তার বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ ওঠার আগে আবুল কালাম বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলাম বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে বেশি পরিচিতি পেয়েছিলেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের অক্টোবরে আবুল কালামের মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর কিছুদিন পরেই তার দেশে ফেরার খবর প্রকাশ পায়।
চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করেন আবুল কালাম। ওই দিন শুনানি শেষে ট্রাইব্যুনাল এক আদেশে জানান, আপিল বিভাগ কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত আসামির বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে তাকে প্রয়োজনীয় নথি সরবরাহের নির্দেশ দেওয়া হয়।
আরএনবি/এফএ




