Dhaka Mail Logo

আইন-আদালত

বিএনপির সরোয়ারের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াত প্রার্থীর লিভ টু আপিল

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট ২০২৬, ১১:৪৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।

বুধবার (১২ আগস্ট) জামায়াত প্রার্থীর আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী আপিল আবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।

আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চাওয়ার পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর যাতে সংসদ অধিবেশনে যোগ দিতে না পারেন, সেজন্য নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা আবেদনে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়েছি। সরোয়ার আলমগীরের প্রার্থিতা ও সংসদ সদস্য পদের বৈধতা নিয়ে যেহেতু আইনি লড়াই চলছে, তাই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি যেন সংসদ অধিবেশনে অংশগ্রহণ করতে না পারেন, সেই আবেদনও করা হয়েছে।’

এর আগে গত ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে চূড়ান্ত রায় দেন।

রায় পাওয়ার দিনই সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

সরোয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলেছিল সংশ্লিষ্ট ব্যাংক। সেই অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ও পরবর্তীতে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে। তবে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান এবং বিজয়ী হন।

তখন আপিল বিভাগ এক আদেশে বলেছিল, নির্বাচনের ফলাফল যেন গেজেট আকারে প্রকাশ না করা হয় এবং হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে।

সম্প্রতি হাইকোর্ট রুল শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ বলে রায় দিলে দ্রুততম সময়ে গেজেট প্রকাশ ও শপথের আয়োজন করা হয়।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গত ২৯ জুলাই প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এক আদেশে বলেন, পূর্ণাঙ্গ রায় যেহেতু পাওয়া গেছে, তাই জামায়াত প্রার্থীর আগের মিসলেনিয়াস পিটিশনটি শোনার সুযোগ নেই। সংক্ষুব্ধ পক্ষ চাইলে নিয়মিত আপিল দায়ের করতে পারে।

আদালতের সেই পরামর্শ অনুযায়ী জামায়াত প্রার্থী নুরুল আমীন নিয়মিত আপিল দায়ের করলেন। তবে এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদ সদস্য পদ আপাতত বহাল থাকছে।

আরএনবি/এমআই