images

আইন-আদালত

একদিন আগে নামঞ্জুর, পরদিনই জামিন আবুল বারাকতের 

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন ২০২৬, ০৪:৫০ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জামিন পেয়েছেন বিতর্কিত অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকত। এ আদেশের ফলে তার কারামুক্তির পথে থাকা বড় ধরনের আইনি জটিলতা অনেকটাই দূর হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতের বরাতে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, আবুল বারাকাতের পক্ষে করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাকে জামিনের আদেশ দেন।

এর আগে একই মামলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে করা তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। পরে ওই আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন করা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিন দেন।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ড. আবুল বারাকাতকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, জুলাইয়ের গণ-অভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা এবং বিভিন্ন নির্দেশনা প্রদানের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। 

মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর নীলক্ষেত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আবদুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।

ড. আবুল বারাকাতকে গত বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে অ্যাননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

ওই দুর্নীতি মামলায় গত ৭ জুন আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পর তার মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে কারামুক্তির আগেই গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের পক্ষ থেকে আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করায় তার মুক্তি প্রক্রিয়া আটকে যায়।

সবশেষ হত্যা মামলায় জামিন পাওয়ায় আবুল বারাকতের কারামুক্তির পথ আবারও উন্মুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমএইচ/ক.ম