২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে নিম্ন আদালতে জমা দিতে হবে তার পাসপোর্ট।
বৃহস্পতিবার (২১ মে) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চও তাকে জামিন দেন। সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আজ আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।
অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুদক। এই মামলায় ১১ জুলাই রাতে আবুল বারকাতকে গ্রেফতার করা হয়।
দুর্নীতিবিরোধী সংস্থাটির দাবি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালজালিয়াতির মাধ্যমে অ্যাননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান, তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এ অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন
অধস্তন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। হাইকোর্টে জামিন পাওয়ার পর ঢাকা জেলা প্রশাসক এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। যেটি আজ খারিজ হয়েছে।
আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন।
এমআর




