চাকরি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
নিয়োগকর্তার সামনে নিজেকে তুলে ধরার একটি বড় সুযোগ চাকরির ইন্টারভিউ। তবে অধিকাংশ চাকরিপ্রত্যাশীই সে সুযোগটি কাজে লাগাতে পারেন না। ছোট কিছু ভুলে অনেক সম্ভাবনাময় সুযোগ হাতছাড়া হয়ে যায়। তাই জেনে নিন চাকরির ইন্টারভিউতে কোন ভুলগুলো এড়িয়ে চলবেন এবং কীভাবে নিজেকে গুছিয়ে উপস্থাপন করবেন-
প্রতিষ্ঠান সম্পর্কে না জেনে ইন্টারভিউ দিতে যাওয়া
ইন্টারভিউতে যাওয়ার আগে প্রতিষ্ঠান সম্পর্কে ভালো করে খোঁজখবর নেন না অনেকেই। যে প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী সে প্রতিষ্ঠানটি কি ধরণের সেবা প্রদান করে, আপনার পছন্দের পদের কাজ কি, সে সম্পর্কে নূন্যতম ধারণা থাকা উচিত।

তাই ইন্টারভিউয়ের আগে প্রতিষ্ঠানের ওয়েবসাইট, কাজের ধরন, পণ্য বা সেবা এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে জেনে নিন।
নিজের সিভি সম্পর্কে ধারণা না থাকা
সিভি তৈরির সময় অনেকেই বিভিন্ন দক্ষতা, কাজের অভিজ্ঞতা ও অর্জনের কথা উল্লেখ করলেও ইন্টারভিউতে নিয়োগকর্তা সেসব বিষয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারেন না অনেকে। তাই নিজের আপডেট সিভি সম্পর্কে ধারণা রাখতে হবে। যেসব যোগ্যতা ও দক্ষতার কথা উল্লেখ আছে সেগুলোকে ব্যাখ্যা করার প্রস্তুতি নিতে হবে।
আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে সিভি কাস্টমাইজ করবেন যেভাবে
পুরনো কর্মস্থল বা সহকর্মীদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা

চাকরির ইন্টারভিউতে পূর্বেল চাকরি ছাড়ার কারণ জানতে চাওয়া খুবই পরিচিত একটি প্রশ্ন। তবে অধিকাংশই এই প্রশ্নের উত্তর দিতে যেয়ে পুরনো প্রতিষ্ঠান বা সহকর্মীদের নিয়ে বিভিন্ন সমস্যার কথো বলে থাকেন। যা মোটেই কাম্য নয়।
আরও পড়ুন: যেভাবে সিভি লিখলে অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাবেন ফ্রেশাররা
আগের কর্মস্থলে সত্যিই কোনো সমস্যা থাকতে পারে। তবে ইন্টারভিউতে আপনার কাছে সেসব জানার জন্য এই প্রশ্নটি করা হয় না। মূলত তারা জানতে চান, নিজের কাজ নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি। তাই প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় সমালোচনা না করে নিজের সিদ্ধান্তের পেছনের পেশাগত কারণগুলো ব্যাখ্যা করুন।
প্রশ্নের উত্তরে অপ্রয়োজনীয় কথা বলা

ইন্টারভিউতে নিজের যোগ্যতা বোঝাতে গিয়ে অনেকেই অতিরিক্ত কথা বলে থাকেন। এতে মূল বিষয়টি হারিয়ে যায়। অনেকে আবার তাড়াহুড়োতে প্রশ্ন শেষ হওয়ার আগেই উত্তর দেওয়া শুরু করেন। এ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। প্রথমে মনোযোগ দিয়ে প্রশ্নটি শুনুন। এরপর সংক্ষিপ্তভাবে সেটির উত্তর দিন। বিস্তারিত জানার আগ্রহ থাকলে নিয়োগকর্তারাই আপনাকে সেটি আরও ব্যাখ্যা করতে বলবেন।
আরও পড়ুন: যেসব দক্ষতা চাকরির বাজারে অপ্রতিরোধ্য করে তুলবে আপনাকে
তবে কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে সেটি পুনরায় জানতে চাওয়ার অনুরোধ করতে পারেন। এতে কোনো সমস্যা নেই। প্রশ্ন না বুঝে ভুল উত্তর দেওয়ার চেয়ে বিষয়টি পরিষ্কার করে জেনে নেওয়া ভালো।
নিজের দুর্বলতা নিয়ে অবাস্তব উত্তর দেওয়া

ইন্টারভিউতে নিয়োগকর্তারা আপনার দুর্বলতা কী তা জানতে চেয়ে প্রশ্ন করতে পারেন। এ সময় অনেকে ঘাবড়ে যান। কেউ কেউ আবার কোনো দুর্বলতা নেই বলে উত্তর দিন। এ ধরনের উত্তর বিশ্বাসযোগ্য নয়। কেননা, প্রত্যেকেরই কোনো না কোনো দুর্বলতা থাকে। নিয়োগকর্তারা মূলত বুঝতে চান নিজের দুর্বলতা নিয়ে আপনি ঠিক কতটা সচেতন। তাই এমন একটি দুর্বলতার কথা বলা ভালো যেটির সমাধানে আপনি ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
আরও পড়ুন: চাকরির বাজারের তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার উপায়
বেতন নিয়ে পূর্ব প্রস্তুতি না থাকা
ইন্টারভিউতে প্রত্যাশিত বেতন সম্পর্কে জানতে চাওয়া হলে অনেকেই অস্বস্তিতে পড়ে যান। অনেকেই মনে করেন, বেতন নিয়ে আলাপ করলে চাকরি হবে না। কেউ কেউ আবার চাকরির বাজারে পছন্দের পদের মার্কেট ভ্যালু না জেনেই একটি অঙ্ক বলে ফেলেন।

তাই, আপনার উচিত হবে ইন্টারভিউয়ের আগে একই ধরনের পদের সম্ভাব্য বেতন স্কেল কত হয় তা জেনে নেওয়া। একইসঙ্গে নিজের অভিজ্ঞতা এবং চাকরির দায়িত্ব বিবেচনা করে প্রত্যাশিত বেতনের স্কেলও ঠিক করে নিতে হবে।
আরও পড়ুন: অফিসে টক্সিক কর্মী হয়ে উঠছেন না তো? বুঝবেন যেভাবে
তবে মনে রাখতে হবে, সব প্রতিষ্ঠানে প্রথম ইন্টারভিউতেই বেতন নিয়ে আলোচনা হয় না। তাই নিজ থেকে বেতন নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়ার প্রয়োজন নেই।
ইন্টারভিউ শেষে কোনো প্রশ্ন না করা

ইন্টারভিউ শেষে অনেক নিয়োগকর্তা আপনার কোনো প্রশ্ন আছে কিনা জানতে চান। এ সময় অধিকাংশই প্রার্থীই কোনো প্রশ্ন করেন না। এই সুযোগে চাকরির দায়িত্ব, কাজের পরিবেশ ও প্রতিষ্ঠানের প্রত্যাশা সম্পর্কে জিজ্ঞাসা করা যেতে পারে।
তবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সহজেই পাওয়া যায় এমন তথ্য জিজ্ঞাসা না করাই ভালো।
এএ