Dhaka Mail Logo

সাক্ষাৎকার

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রয়োজন জামানতবিহীন বিশেষায়িত ব্যাংক

মহিউদ্দিন রাব্বানি

২৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে জামানতবিহীন বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজন বলে মনে করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তাঁর মতে, দেশের ব্যাংকগুলোর মধ্যে এখনো ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেওয়ার বিষয়ে ইতিবাচক মানসিকতা তৈরি হয়নি। বড় গ্রাহকদের ঋণ দিতে ব্যাংকাররা যতটা আগ্রহী, ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে ততটা নন। এ পরিস্থিতি পরিবর্তনে উদ্যোক্তাদের মালিকানায় বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যেতে পারে।

সরকারের নতুন উদ্যোগ, উদ্যোক্তা তৈরির কর্মসূচি, অর্থায়ন সংকট এবং এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় ঢাকা মেইলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সাক্ষাৎকার নিয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন রাব্বানি।

ঢাকা মেইল: এবারের ১৩তম জাতীয় এসএমই মেলায় সরকার বেশ কিছু বিশেষ উদ্যোগ নিয়েছে। উদ্যোগগুলো কী কী?

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা শুনেছেন, সরকার ‘সৃষ্টি’ নামে একটি কর্মসূচি চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। দেশের ৬৪ জেলায় কর্মসূচিটি পরিচালিত হবে, যাতে প্রতিটি জেলা থেকেই নতুন উদ্যোক্তা তৈরি করা যায়।

প্রত্যেক উদ্যোক্তা যদি আরও পাঁচজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, তাহলে সামগ্রিকভাবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

নতুন উদ্যোক্তাদের অর্থায়নের আওতায় আনার বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি প্রকল্পের মাধ্যমে নতুন উদ্যোক্তা ও স্টার্টআপগুলোকে অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সারা দেশে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম আরও জোরদার করা হবে। উদ্যোক্তাদের পণ্য উন্নয়ন, পণ্যের বহুমুখীকরণ, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে।

ঢাকা মেইল: এবারের মেলায় নতুন কী সংযোজন রয়েছে?

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: অন্যান্যবারের তুলনায় এবার উদ্যোক্তাদের অংশগ্রহণ বেড়েছে। মেলায় মোট প্রায় ৪০০টি স্টলের মধ্যে ৩০০টি উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আগের মেলাগুলোতে উদ্যোক্তাদের স্টলসংখ্যা ২৮০ থেকে সর্বোচ্চ ৩০০টির মধ্যে সীমাবদ্ধ ছিল।

এবারের মেলার অন্যতম নতুন সংযোজন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ। প্রায় ২৮টি ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। তারা উদ্যোক্তাদের নিজেদের বিভিন্ন আর্থিক সেবা ও ঋণসুবিধা সম্পর্কে ধারণা দিচ্ছে।

এ মেলায় শুধু দর্শনার্থী বা সাধারণ ক্রেতারাই আসেন না, বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রেতা ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদাররাও আসেন। তাঁরা উদ্যোক্তাদের পণ্য দেখেন এবং পছন্দ হলে ক্রয়াদেশ দেন। একই সঙ্গে উদ্যোক্তারাও ব্যাংকগুলোর কাছে গিয়ে ঋণ ও অন্যান্য আর্থিক সুবিধা সম্পর্কে জানতে পারছেন। এটিকে আমরা এবারের মেলার বাড়তি সেবা হিসেবে দেখছি।

ঢাকা মেইল: এ মেলার মূল উদ্দেশ্য কী?

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: মেলার মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিক্রি ও বিপণন বাড়ানো। একই সঙ্গে এসব পণ্যের পরিচিতি তৈরি, প্রচার ও ব্র্যান্ডিং করা। মেলার মাধ্যমে ক্রেতারা জানতে পারেন, আমাদের উদ্যোক্তারা কী ধরনের পণ্য তৈরি করছেন।

বিভিন্ন সুপারশপ ও বড় বিপণন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও মেলায় আসেন। তাঁরা পণ্য দেখে পছন্দ হলে নিজেদের প্রতিষ্ঠানের জন্য ক্রয়াদেশ দেন। এর ফলে উদ্যোক্তারা নতুন বাজারের সন্ধান পান। অন্যদিকে ভোক্তাদের চাহিদা সম্পর্কেও উদ্যোক্তারা সরাসরি ধারণা নিতে পারেন।

ঢাকা মেইল: উদ্যোক্তা তৈরিতে এসএমই ফাউন্ডেশন কী ধরনের কাজ করে?

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: উদ্যোক্তা তৈরিতে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। একজন ব্যক্তি কীভাবে ব্যবসা শুরু করবেন, উদ্যোক্তা হতে কী ধরনের কাগজপত্র প্রয়োজন, কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে এবং ব্যবসা পরিচালনার প্রাথমিক বিষয়গুলো কী—এসব বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে ধারণা দেওয়া হয়।

এ ছাড়া উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সনদ সংগ্রহের ক্ষেত্রেও আমরা সহায়তা করি। সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সেবা দেওয়ার চেষ্টা করি। এবারের মেলায় ব্যাংক ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে ৪০০টির বেশি প্রতিষ্ঠানের সেবা ও তথ্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ঢাকা মেইল: মেলায় উদ্যোক্তাদের স্টল ভাড়া সাধারণ স্টলের জন্য ২৫ হাজার এবং কর্নার স্টলের জন্য ৩০ হাজার টাকা। অনেক ক্ষুদ্র উদ্যোক্তার কাছে এই ভাড়া কিছুটা বেশি মনে হতে পারে। বিষয়টি কীভাবে দেখছেন?

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: আমি মনে করি, উদ্যোক্তারা মেলায় অংশ নিয়ে যে পরিমাণ বিক্রি করতে পারেন, সে তুলনায় স্টল ভাড়া খুব বেশি নয়। আমাদের অভিজ্ঞতায় দেখা যায়, উদ্যোক্তারা এখান থেকে ভালো ব্যবসা করেন। তাঁদের লোকসানের চেয়ে লাভের সম্ভাবনাই বেশি।

এ ধরনের মেলা আয়োজন ও উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার জন্য আমাদেরও অর্থের প্রয়োজন রয়েছে। সব অর্থ যদি এ ধরনের আয়োজনেই ব্যয় হয়ে যায়, তাহলে পরবর্তী সময়ে উদ্যোক্তাদের অন্যান্য কার্যক্রমে সহায়তা দেওয়া কঠিন হবে।

আর স্টল ভাড়া একেবারে না রাখলে অনেক ক্ষেত্রে উদ্যোক্তাদের অংশগ্রহণে অনাগ্রহ দেখা যায়। নিজের অর্থ বিনিয়োগ করলে উদ্যোক্তার মধ্যে ব্যবসা করার দায়বদ্ধতা তৈরি হয়। তিনি চেষ্টা করেন মেলায় অংশ নিয়ে নিজের বিনিয়োগ তুলে আনতে।

ঢাকা মেইল: এসএমই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নেওয়া উদ্যোক্তাদের জন্য কি স্টল বরাদ্দে বিশেষ ছাড় বা সুযোগ রয়েছে? আবার ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রেও নানা ধরনের হয়রানির অভিযোগ রয়েছে। এ বিষয়ে কী বলবেন?

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: ঋণের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকগুলোর মানসিকতায় এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে আমি মনে করি। ব্যাংকাররা সাধারণত এক-দুটি বড় ঋণ দিয়ে বেশি অর্থ বিতরণ করতে চান। কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তার সংখ্যা অনেক বেশি। তাঁদের কারও প্রয়োজন পাঁচ লাখ, কারও ১০ লাখ, আবার কারও ৫০ লাখ টাকা।

ক্ষুদ্র উদ্যোক্তাদের এ ধরনের ঋণ দিতে হলে ব্যাংকগুলোকে স্বল্প পরিসরে অনেক গ্রাহকের সঙ্গে কাজ করতে হয়। এতে তাদের পরিচালনাগত কিছু সমস্যা তৈরি হয়। এ কারণে ব্যাংকগুলো বড় গ্রাহকদের সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী, ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে ততটা নয়।

আমার মনে হয়, এ সমস্যা সমাধানে সরকারের নীতিনির্ধারকদের বিশেষভাবে চিন্তা করা উচিত। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা করা যেতে পারে। সেখান থেকে তাঁরা সহজ শর্তে ঋণ নিতে পারবেন। এমনকি ব্যাংকটির মালিকানায় ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগও রাখা যেতে পারে।

আমার একটি ধারণা হচ্ছে, কেউ যদি পাঁচ লাখ টাকা ঋণ নেন, তাহলে তাঁকে ৫০ হাজার বা এক লাখ টাকার শেয়ার দেওয়া যেতে পারে। এতে ওই অর্থ তাঁর বিনিয়োগ হিসেবে থাকবে এবং বাকি অর্থ দিয়ে তিনি ব্যবসা পরিচালনা করতে পারবেন। এ ধরনের কাঠামোয় একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা করা হলে তা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কার্যকর হতে পারে।

ঢাকা মেইল: এসএমই ফাউন্ডেশনের আওতায় কত ধরনের উদ্যোক্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে?

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি অনুযায়ী, দেশে মোট ব্যবসাপ্রতিষ্ঠান বা অর্থনৈতিক ইউনিটের সংখ্যা প্রায় এক কোটি ১৭ লাখ। এর মধ্যে ৯৯ শতাংশের বেশি কুটির, ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের আওতাভুক্ত। বড় শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। সংখ্যার হিসাবে বড় শিল্পপ্রতিষ্ঠান প্রায় ১০ হাজারের কাছাকাছি। অর্থাৎ দেশের ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের বিশাল অংশই সিএমএসএমই খাতের অন্তর্ভুক্ত।

ঢাকা মেইল: ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের জন্য বিএসটিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সনদ প্রয়োজন হয়। এসব সনদ পেতে এসএমই ফাউন্ডেশন কী ধরনের সহায়তা দেয়?

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: অবশ্যই আমরা সহায়তা দিয়ে থাকি। সাধারণত বিএসটিআই, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদসহ (বিসিএসআইআর) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। উদ্যোক্তারা যাতে প্রয়োজনীয় সনদ পেতে পারেন, সে জন্য আবেদন থেকে শুরু করে সনদ পাওয়া পর্যন্ত আমরা সমন্বয় ও সহযোগিতা করি।

ঢাকা মেইল: গত বছর মেলায় হালাল পণ্য নিয়ে উদ্যোগ দেখা গিয়েছিল। এবার এ ধরনের কোনো উদ্যোগ রয়েছে কি?

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: হালাল পণ্যের সনদ দেওয়ার বিষয়টি আগে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় ছিল। এখন বিএসটিআই এ দায়িত্ব নিয়েছে বলে মনে হয়। তাই এ ক্ষেত্রে মূল দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।

এসএমই ফাউন্ডেশন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করতে পারে। আমরা উদ্যোক্তাদের সব সময় পণ্যের গুণগত মান বজায় রাখার পরামর্শ দিই। কারণ, ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের আকৃষ্ট করার অন্যতম উপায় হলো পণ্যের মান নিশ্চিত করা। পণ্যের গুণগত মান ঠিক না থাকলে বাজারে টিকে থাকা কঠিন।

ঢাকা মেইল: পণ্যের মান ও মোড়কজাতকরণের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে এসএমই ফাউন্ডেশন কি আইনি পদক্ষেপ নিতে পারে?

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তবে আমরা উদ্যোক্তাদের সচেতন করি। তাঁদের পণ্যের গুণগত মান উন্নত করা, সঠিকভাবে মোড়কজাত করা এবং প্যাকেজিংয়ের মান বজায় রাখার বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। উদ্যোক্তারা যাতে মানসম্মত পণ্য তৈরি করে বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।

ঢাকা মেইল: আপনাকে ধন্যবাদ।

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: আপনাকেও ধন্যবাদ।

এমআর/এআর